গৌরীপুর উপজেলার চর শ্রীরামপুর গ্রামের ব্যবসায়ী মঈনুল হাসানকে গত বছরের ৮ আগস্ট হত্যা করা হয়।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ব্যবসায়ী মঈনুল হাসান ওরফে পলাশ হত্যাকাণ্ডের আট মাস পার হয়ে গেলেও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় হওয়া মামলার তদন্তেও কোনো অগ্রগতি নেই। এতে নিহত ব্যক্তির স্বজনেরা এ হত্যাকাণ্ডের সঠিক বিচার হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের ৮ আগস্ট রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চর শ্রীরামপুর গ্রামের ব্যবসায়ী মঈনুল হাসানকে (৩০) ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। মঈনুল হাসান ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চর শ্রীরামপুর মোড়ে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ ও নগদের এজেন্ট হিসেবে ব্যবসা করতেন। ৮ আগস্ট রাত আনুমানিক পৌনে নয়টার দিকে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে।
এ ঘটনায় জড়িত সন্দেহে ৮ আগস্ট রাতেই গৌরীপুর থানার পুলিশ কাজল, আতিক ও রায়হান নামের তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে এ ঘটনায় নিহত মঈনুল হাসানের ছোট ভাই নাঈমুল হাসান বাদী হয়ে মামলা করেন। মামলায় চাচাতো ভাই কাজলসহ আটজনকে আসামি করা হয়। আসামিরা সবাই বর্তমানে জামিনে মুক্ত।
১৪ মে ব্যবসায়ী মঈনুল হাসানের বাড়িতে গিয়ে কথা হয় স্বজনদের সঙ্গে। তাঁরা জানান, মামলার আসামিরা নিহত মঈনুলের চাচাতো ভাই, স্বজন ও প্রতিবেশী। এর মধ্যে মঈনুলের চাচাতো ভাই কাজলের দিকে পরিবারের সন্দেহ বেশি। পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্ববিরোধের জেরে কাজল এ হত্যার পরিকল্পনা করে থাকতে পারেন।
মঈনুলের চাচা আনোয়ার হোসেন বলেন, হত্যাকাণ্ডের তিন মাস আগে মঈনুলের বড় ভাইয়ের ছেলেকে সামান্য কারণে বেধড়ক মারধর করেন কাজল। মারধরে আহত হয়ে ওই শিশু কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মঈনুল তাঁর ভাতিজাকে মারধরের তীব্র প্রতিবাদ করেন। পরে গ্রাম্য সালিসে শত শত মানুষের সামনে ক্ষমা চাইতে বাধ্য হন কাজল। ওই সালিসে কাজলকে শাস্তি দেওয়া হয়। ওই ঘটনার পর থেকে মঈনুলের ওপর ক্ষুব্ধ ছিলেন কাজল। যে কারণে মঈনুলের সন্দেহভাজন হত্যাকারী হিসেবে কাজলের নাম সবার আগে এসেছে বলে দাবি স্বজনদের।
মঈনুলের অপর চাচা আবুল কালাম আজাদ বলেন, হত্যাকাণ্ডের দিন রাত সাড়ে আটটার দিকে মঈনুল দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা দেন। ওই সময় কাজলের এক সহযোগী জরুরি প্রয়োজনের অজুহাতে মঈনুলকে মুঠোফোনে ডেকে নেন। এ ঘটনার অল্প সময় পরই মঈনুলকে হত্যা করা হয়।
মঈনুলের স্বজনেরা আরও বলেন, ‘মঈনুল হাসানকে যে দিন হত্যা করা হয়, সেদিনের আরও অনেক ঘটনার কথা আমরা পুলিশকে বলেছি। তবে পুলিশের তদন্তের অগ্রগতি সন্তোষজনক নয়।’
মঈনুলের মা সায়েদা বেগম বলেন, ‘আমার দাবি, যারা আমার ছেলেকে হত্যা করেছে, পুলিশ তাদের খুঁজে বের করুক।’
মঈনুলের স্ত্রী লিমা আক্তার ১৪ মাস বয়সী মেয়েকে কোলে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি আমার স্বামীর হত্যাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানাই।’
মঈনুলকে ডেকে নিয়ে হত্যার অভিযোগের বিষয়ে গত শনিবার বিকেলে আসামি কাজলের সঙ্গে কথা বলার জন্য তাঁর বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।
মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। ময়মনসিংহ পিবিআইয়ের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ‘মঈনুল হাসান হত্যার বিষয়টি তদন্ত করতে আমিও একাধিকবার ঘটনাস্থলে গিয়েছি। নিহত ব্যক্তির পরিবারের সন্দেহের ভিত্তিতে আমরা তাঁদের প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছি। তবে তদন্তে এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। তবে আমাদের তদন্ত এখনো চলছে।’