ঝালকাঠিতে এক গুদাম থেকে ১৩ হাজার ৭৪৬ লিটার সয়াবিন তেল জব্দ

ঝালকাঠি জেলার মানচিত্র
ঝালকাঠি জেলার মানচিত্র

ঝালকাঠিতে একটি গুদাম থেকে ১৩ হাজার ৭৪৬ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার রাতে শহরের মনিহারি পট্টি এলাকায় ব্যবসায়ী গৌতম হালদারের গুদাম থেকে থেকে বসুন্ধরা ব্র্যান্ডের এ বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়।

ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস পুলিশকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। ইন্দ্রানী দাস বলেন, অবৈধভাবে তেল মজুত রাখার দায়ে ব্যবসায়ী গৌতম হালদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁর গুদাম থেকে ১৬ কেজির ৮০০ টিন, পাঁচ লিটারের ৩৪ বোতল, ১৬ লিটারের ৪৮টি কনটেইনার এবং ৫০০ গ্রামের ১৬টি বোতল উদ্ধার করা হয়। পরে তেল নিতে আসা সাধারণ মানুষের মধ্যে সরকার নির্ধারিত পূর্বের মূল্যে এসব তেল বিক্রি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝালকাঠিতে ব্যবসায়ীদের বিরুদ্ধে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখিয়ে মজুত করার অভিযোগ পাওয়া যায়। কেউ কেউ তেল মজুত করে বাড়তি দামে বিক্রি করছেন। এ পরিস্থিতিতে ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই দিন ধরে অভিযান পরিচালনা করছেন।