
গাজীপুরের টঙ্গীতে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ১১টার দিকে টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তাঁরা। প্রায় আধা ঘণ্টা মহাসড়কে অবস্থান করে বিভিন্ন গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করেন শিক্ষার্থীরা। এ সময় যান চলাচলে ধীরগতি ও যানজট দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিরাপদ সড়কের দাবিতে আজ সকাল ১০টা থেকে টঙ্গীর কলেজ গেট এলাকায় জড়ো হতে থাকেন স্থানীয় সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এ সময় তাঁদের সঙ্গে যোগ দেন আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাঁরা প্রথমে মহাসড়কের পাশে দাঁড়িয়ে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ এসে অনুরোধ করলে শিক্ষার্থীরা সড়কের পাশে অবস্থান নেন। এ সময় বিভিন্ন গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল শুরু হলেও ধীরগতি দেখা যায়।
টঙ্গী পশ্চিম থানা-পুলিশের পরিদর্শক মো. জাহিদ প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা বেলা দেড়টা পর্যন্ত সড়কে ছিলেন। এরপর পুলিশ ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা এসে তাঁদের বোঝালে সড়ক থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।