
টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকায় বহুতল ভবণ নির্মাণের পিলারের জন্য মাটি খোঁড়ার সময় মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আশেকপুর এলাকার মো. নজরুলের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দুই নির্মাণশ্রমিক হলেন বাসাইল উপজেলার কাশিল গ্রামের ঝটু পালের ছেলে আনন্দ পাল (৫৫) ও আন্নাত পালের ছেলে নিধন পাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে পাঁচজন শ্রমিক নজরুলের বাড়ির নির্মাণাধীন নতুন ভবনের পিলার নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন। তাঁদের মধ্যে আনন্দ ও নিধন মাটি খুঁড়তে খুঁড়তে অনেক গভীরে চলে যান। একপর্যায়ে চারদিক থেকে মাটি ভেঙে তাঁরা চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা খননযন্ত্র দিয়ে মাটি সরিয়ে তাঁদের মরদেহ উদ্ধার করেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, আশেকপুর ইন্দারাপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় দুই শ্রমিকের ওপর চারপাশ থেকে মাটি চাপা পড়ে। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে তাঁরা লাশ উদ্ধার করেন। পরে লাশ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
টাঙ্গাইল সদর থানার পরিদর্শক শামীম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।