টেকনাফের পাহাড় থেকে হাতির মৃত শাবক উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে হাতির মৃত শাবক উদ্ধার করেছেন বন বিভাগের কর্মীরা। হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষং পাহাড় এলাকায় শনিবার
প্রথম আলো

কক্সবাজারের টেকনাফ থেকে হাতির মৃত শাবক উদ্ধার করেছেন বন বিভাগের কর্মীরা। নবজাতক শাবকটি পুরুষ প্রজাতির। আজ শনিবার দুপুরের দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষং পাহাড়ের ভেতর থেকে শাবকটি উদ্ধার করা হয়।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের হোয়াইক্যং রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তারেক রহমান এ তথ্য জানান। বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, শাবকটির বয়স এক দিনের কম। শরীরের কোথাও কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। শাবকটিকে তার মা মৃত অবস্থায় প্রসব করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর জানা যাবে শাবকের মৃত্যুর আসল রহস্য।

সহকারী বন সংরক্ষক তারেক রহমান বলেন, উনচিপ্রাং এলাকায় পাহাড়ের কয়েক কিলোমিটার ভেতরে গতকাল শুক্রবার বিকেলের দিকে একটি গর্ভবতী হাতিসহ চারটি হাতিকে বিচরণ করতে দেখা যায়। সন্ধ্যার দিকে গর্ভবতী হাতিটি একটি শাবকের জন্ম দেয়। আজ সকালে এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান তিনিসহ বন বিভাগের একদল কর্মী। সেখানে গিয়ে তাঁরা মৃত শাবকটি দেখেন।

এ ঘটনার খবর পেয়ে জেলা দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সারোয়ার আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃত শাবকটির ময়নাতদন্তের জন্য টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল থেকে একটি দল রওনা দিয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত শাবকটিকে মাটিতে পুঁতে ফেলা হবে।