
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক তরুণ আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থী শিবিরের এইচ-ব্লকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে অস্ত্র, গুলিসহ এক তরুণকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আহত যুবকের নাম মো. সৈয়দুল আমিন (২২)। তিনি টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মোহাম্মদ সুলতানের ছেলে। আটক তরুণের নাম মো. বেলাল হোসেন (১৯)। তিনি একই ক্যাম্পের আবদুল হাকিমের ছেলে। ১৬ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে পূর্বশত্রুতার জেরে অস্ত্রধারী সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের ১০-১২ জন সৈয়দুল আমিনের বড় ভাই মো. আবুল হাশেমের ওপর হামলা করে। এ সময় বড় ভাইকে রক্ষা করতে গেলে সন্ত্রাসীরা সৈয়দুল আমিনের পেটে ছুরিকাঘাত করে। এ সময় তিনি মাটিতে পড়ে যান।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় সৈয়দুল আমিনকে উদ্ধার করে নয়াপাড়া গণস্বাস্থ্য ক্লিনিকে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ছুরিকাঘাতের খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ওই রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে বেলাল হোসেনকে একটি দেশে তৈরি অস্ত্র (এলজি), এক রাউন্ড গুলিসহ আটক করে।
ওই রোহিঙ্গা শিবিরের এক দলনেতা (মাঝি) বলেন, কিছু রোহিঙ্গা যুবক রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার করতে বিভিন্ন ধরনের সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন। তাঁরা প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ছেন। এতে নিরপরাধ রোহিঙ্গা নাগরিকদের বদনাম ছড়াচ্ছে।
জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ছুরিকাঘাতের খবর পেয়ে এপিবিএন তাৎক্ষণিক একজনকে আটক করেছে। আটক তরুণকে টেকনাফ থানা–পুলিশে সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।