ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেলচালক তরুণের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকের চাপায় এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা ও গহরপুর সড়কে চকেরবাজার শাহী ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত তরুণের নাম শাহ মাহি আহমদ (১৮)। তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের শেখপাড়া গ্রামের মৃত তিতন শাহের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে মাহি আহমদ নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে চকেরবাজারের উদ্দেশে বের হন। মোটরসাইকেলটি চকেরবাজার শাহী ঈদগাহের সামনে পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক বিপরীত দিকে থেকে এসে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মাহি আহমদ গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা বলেন, নিহত তরুণের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।