
সিলেট রেলওয়ে টিকিট কাউন্টারের টিকিট সংকটের সুযোগ কাজে লাগিয়ে অনলাইনে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র দিয়ে তিনি টিকিট সংগ্রহ করতেন। পরে সেগুলো চড়া দামে বিক্রি করতেন। একেকটি টিকিট ক্রয়মূল্যের তুলনায় দ্বিগুণ অথবা আরও বেশি দামে বিক্রি করতেন। এ জন্য রীতিমতো ব্যবসাপ্রতিষ্ঠান খুলে বসেছিলেন।
এভাবে টিকিট কালোবাজারি করার অভিযোগে সিলেটে মো. জুফেন আহমদ (২৭) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৯। আটক করা জুফেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরই কান্দি এলাকার বাসিন্দা। এ ঘটনায় র্যাব বাদী হয়ে সিলেটের দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করে।
গতকাল শনিবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমার বার্থখলা যমুনা সুপারমার্কেট নামের বিপণিবিতানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। র্যাব আজ রোববার এ বিষয়ে জানায়।
র্যাব জানায়, আটক করা জুফেন আহমদ রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের সদস্য। তাঁর কাছ থেকে অনলাইনে ট্রেনের ২টি টিকিট, ট্রেনের টিকিটের অনলাইন আবেদনের ৩০টি কপি জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আটক করা জুফেন আহমদ স্বীকার করেন, ঈদ সামনে রেখে চড়া দামে টিকিটগুলো বিক্রি করতে তিনি সংগ্রহ করেছিলেন।
র্যাব আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর ছিল সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্রেনের টিকিট জনসাধারণের কাছে দ্বিগুণ অথবা আরও বেশি মূল্যে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। অনলাইনে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকিট সংগ্রহ করতেন চক্রের সদস্যরা। তাঁদের দৌরাত্ম্যে যাত্রীরা জিম্মি হয়ে পড়েছিল। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে জুফেন আহমদকে আটক করা হয়। এ সময় টিকিট কালোবাজারি করার কাজে ব্যবহৃত একটি কম্পিউটার (সিপিইউ ও মনিটর), একটি প্রিন্টার, একটি মুঠোফোন এবং সঙ্গে সিম কার্ড উদ্ধার করা হয়।
র্যাব-৯–এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) সোমেন মজুমদার প্রথম আলোকে বলেন, কালোবাজারি চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে র্যাব গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রেখেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার পরই তাঁকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ তাঁকে আদালতে পাঠানোর কথা রয়েছে।