সীতাকুণ্ডে বিস্ফোরণ

ডিপোসংলগ্ন ভবন দুটিতে থাকতেন হাজারখানেক শ্রমিক

ডিপো সংলগ্ন পাঁচতলা দুটি ভবনে থাকেন ডিপোতে কাজ করা শ্রমিকেরা। রোববার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে
ছবি: প্রথম আলো

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর দক্ষিণ পাশের নিরাপত্তা দেয়াল ঘেঁষে শ্রমিকদের থাকার পাঁচতলা দুটি ভবন। সব মিলিয়ে থাকেন প্রায় এক হাজার শ্রমিক। এখান থেকেই পালা করে কাজে যেতেন শ্রমিকেরা। শনিবার রাতে বিস্ফোরণের সময় বাসায় যাঁরা ছিলেন, আতঙ্কে রাতভর এদিক-সেদিক ছুটেছেন তাঁরা।

আজ রোববারও এই দুই ভবনে থাকা শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। অন্যদিকে ডিপোর কিছু কনটেইনারে দুপুর পর্যন্ত জ্বলছিল আগুন। কাজ বন্ধ হয়ে যাওয়ায় ডিপো এলাকার ভাড়া বাসা ছেড়ে বাড়ি চলে যাচ্ছেন কেউ কেউ। অনেক শ্রমিক সহকর্মীর খোঁজ পাননি দুপুর পর্যন্ত।

দুপুরে ভবন দুটিতে গিয়ে দেখা যায়, রাতভর আতঙ্কে ছোটাছুটি করে ক্লান্ত কিছু শ্রমিক গণবিছানায় শুয়ে আছেন। বিস্ফোরণের শব্দের তীব্রতায় ভেঙে পড়ে আছে কক্ষের জানালার কাচ। ভবনের সামনের নিরাপত্তা দেয়ালে তৈরি হয়েছে ফাটল। কিছু শ্রমিক চোখেমুখে আতঙ্ক নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ডিপোতে ওড়া কালো ধোঁয়া দেখছেন। কেউ প্রস্তুতি নিচ্ছেন বাড়ি যাওয়ার।

এ সম্পর্কিত আরও পড়ুনঃ

স্বামীর অপেক্ষায় স্ত্রী, বাবার অপেক্ষায় শিশুসন্তান

আশপাশের গ্রামগুলোয় ছাই আর পোড়া গন্ধে বিপাকে শিশু, বৃদ্ধরা

আগুন, উত্তাপ ও ধোঁয়া ছড়িয়েছে আড়াই বর্গকিলোমিটারজুড়ে

সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৯, আগুন এখনও জ্বলছে

‘অভাব দূর হলো ঠিকই, ছেলে আমার বেঁচে রইল না’

জিনিসপত্র নিয়ে ভবন ছেড়ে বাড়ি চলে যাচ্ছেন দুই শ্রমিক। রোববার দুপুরে সীতাকুণ্ডে

একটি ভবনে কথা হয় ময়মনসিংহের নূর ইসলামের (৩৪) সঙ্গে। তিনি বলেন, ডিপোতে আগুন লাগার অন্তত ২০ মিনিট আগে রাত ৯টায় দায়িত্ব শেষে কক্ষে ফেরেন। তাঁর অনেক সহকর্মী তখনো ডিপোতে কাজ করছিলেন। বিস্ফোরণের পর থেকে তাঁদের অনেকের কোনো খোঁজ পাচ্ছেন না। তাঁরা বেঁচে আছেন কি না, তা-ও জানেন না।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মো. শাহজাহান (৫০) ডিপোতে কাজ করেন ছয় বছর ধরে। বেতন পান ১৫ হাজার টাকা। গতকাল সন্ধ্যায় ৬টার দিকে কাজ শেষ করে বাসাতেই ছিলেন। বিস্ফোরণের পর থেকে রাতভর দুই প্রতিবেশী শ্রমিক রবিউল ও রেদোয়ানকে খুঁজে পাচ্ছেন না।

ছলছল চোখে শাহজাহান বলেন, ‘একসঙ্গে কাজ করতাম, থাকতাম। ডিপোর ভেতরে কাজ করছিল রবিউল ও রেদোয়ান। তাদের ভাগ্যে কী ঘটেছে জানি না।’
ভবন দুটিতে অবস্থানের সময় যত গড়াচ্ছিল, সহকর্মীদের জন্য ততই হাহাকার বাড়ছিল বেঁচে থাকা শ্রমিকদের।