ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়কের পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের পন্থিছিলা বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই ব্যক্তির নাম বাবুল শর্মা (৬২)। তিনি চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার বাসিন্দা। লাশটি উদ্ধারের পর কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, আজ সকালে স্থানীয় লোকজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পূর্ব পাশে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ প্রথম আলোকে বলেন, এটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, সেটা এখনো নিশ্চিত নন তাঁরা। বাবুল শর্মার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে কথা বলার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।