
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে যাত্রীবাহী গাড়ির চাপ থাকলেও কোথাও কোনো ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। তা ছাড়া এবার মহাসড়কের চট্টগ্রাম অংশে খানাখন্দও নেই। ফলে ঈদে ঘরমুখী মানুষ অনেকটা স্বস্তিতে যাতায়াত করতে পারছেন বলে জানিয়েছে পুলিশ। তবে বাসগুলোর বেপোরোয়া গতির কারণে দুর্ঘটনা নিয়ে পুলিশের দুশ্চিন্তা বেড়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশ ৩৮ কিলোমিটার। এ অংশে মোট আটটি স্থানে যানজটের আশঙ্কা করেছিল হাইওয়ে পুলিশ। তবে আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা সতর্ক অবস্থানে আছেন বলে জানা গেছে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার দুপুরের পর থেকে গাড়ির চাপ অনেক বেড়েছে। সকাল থেকে গাড়ির চাপ অনেকটা কম। আবার দুপুরের পর বাড়তে পারে। তবে সীতাকুণ্ড এলাকায় কোথাও যানজটের সৃষ্টি হয়নি। সীতাকুণ্ড বাসস্ট্যান্ড ও বড়দারোগাহাট ওজন স্কেলে তাদের বিশেষ টিম রয়েছে। তাই যানজট সৃষ্টির সুযোগ দেওয়া হচ্ছে না।
বারআউলিয়া হাইওয়ে থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) আদম আলী প্রথম আলোকে বলেন, তাঁদের এলাকায় কোথাও যানজট নেই। সড়কের পাশে অবৈধভাবে কোনো গাড়ি পার্কিং করতে দেওয়া হচ্ছে না। সড়কে যান চলাচল স্বাভাবিক।
ফৌজদারহাট ফাঁড়ির ট্রাফিক পরিদর্শক (টিআই) শোভন চাকমা প্রথম আলোকে বলেন, বন্দরমুখী জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া মালবাহী গাড়ির চলাচল অনেকটা কমে গেছে। ফলে যান চলাচল স্বাভাবিক। দুপুরের পর গাড়ির চাপ অনেক বেড়ে যাবে। সেটি বিবেচনায় রেখে পুলিশ প্রস্তুত আছে বলে জানান তিনি।