মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। শুক্রবার সকাল ১০টায় মহাসড়কের কড্ডার মোড় এলাকায়
মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। শুক্রবার সকাল ১০টায় মহাসড়কের কড্ডার মোড় এলাকায়

ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কে যানবাহনের চাপ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।

আজ শুক্রবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় যান চলাচল বেশি হতে দেখা গেছে।

মহাসড়কে সেই অর্থে যানজট দেখা না গেলেও অতিরিক্ত যানবাহনের চাপে কোথাও কোথাও ধীরগতি দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে এ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার বিকেল নাগাদ এ মহাসড়কে যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন হাইওয়ে পুলিশ ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

আজ সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা পর্যন্ত ঘুরে দেখা যায়, যানবাহনের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি। যানবাহন চলাচলের গতি কোথাও কোথাও ধীর রয়েছে।

এ সময়ে বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর, সয়দাবাদ, কড্ডার মোড়, ঝাঐল উড়াল সেতু, নলকা সেতু, হাটিকুমরুল গোলচত্বরসহ মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশের টহল দেখা গেছে।

ঢাকা থেকে রংপুরগামী শ্যামলী পরিবহন বাসের চালক আবুল কালাম বলেন, বর্তমানে মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। এ কারণের পাশাপাশি ঈদ উপলক্ষে চাপ বেড়ে যাওয়ায় যানবাহন একটু ধীরগতিতে চলছে।

বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা সূত্রে জানা গেছে, স্বাভাবিক অবস্থায় এ সেতু দিয়ে প্রতিদিন ১২ থেকে ১৩ হাজার যানবাহন পারাপার হয়। তবে বর্তমানে যানবাহন পারাপারের সংখ্যা বাড়তে শুরু করেছে। এ কারণে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজায় টোল আদায়ের জন্য লেনের সংখ্যা বাড়ানো হয়েছে। স্বাভাবিক অবস্থায় ৩ থেকে ৪ লেনে টোল আদায় করা হয়। ঈদ সামনে রেখে টোল আদায়ের জন্য সাতটি লেনের ব্যবস্থা করা হয়েছে। এর বাইরে মোটরসাইকেলের জন্য পৃথক একটি লেন রাখা হয়েছে।

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ দিনরাত ২৪ ঘণ্টা কাজ করছে। ঈদযাত্রায় মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঝুঁকিপূর্ণ ৩০টি স্থানে অতিরিক্ত ২০০ পুলিশ সদস্য কাজ করছেন। মহাসড়কে যানবাহনের চাপ একটু বেশি হলেও চলাচল এখনো স্বাভাবিক রয়েছে।

স্বাভাবিকের তুলনায় এখন মহাসড়কে অতিরিক্ত যানবাহন চলছে। শুক্রবার সকাল ১০টার দিকে মহাসড়কের কড্ডার মোড় এলাকায়

ঈদযাত্রা উপলক্ষে গত সোমবার বিকেল থেকে নবনির্মিত নলকা সেতুর একটি লেন চালু করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, ঈদযাত্রায় মহাসড়কে তিন থেকে চার গুণ যানবাহন বেড়ে যেতে পারে। এ জন্য দ্রুত নলকা সেতুর একটি লেন খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি পুরোনো নলকা সেতুটিও সচল রাখা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, ঈদকে সামনে রেখে বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ স্থানে পুলিশ ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। জেলা পুলিশের ৪৫০ সদস্য মহাসড়কে কাজ করছেন।