
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, তরুণেরাই সমাজ বদলের কারিগর। তাঁদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাঁরা পথভ্রষ্ট হলে তাঁদের নিয়ে যে প্রত্যাশা, তা পূরণ হবে না। তাঁরা যেন পথভ্রষ্ট না হয়, সেদিকে অভিভাবকদের লক্ষ রাখতে হবে।
আজ শনিবার দুপুরে নওগাঁ শহরের কনভেনশন হল সেন্টার সম্মেলনকক্ষে আয়োজিত শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। ইথেন এন্টারপ্রাইজ লিমিটেডের আয়োজনে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৭৫৬ জন কৃতী শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে সাধন চন্দ্র মজুমদার বলেন, একটি পরীক্ষায় জিপিএ-৫ পেলেই চলবে না, পরবর্তী পরীক্ষাগুলোতেও তা ধরতে রাখতে হবে। ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো মানুষ হতে হবে। পথভ্রষ্ট হলে চলবে না। এখন ডিজিটাল যুগ। ডিজিটাল প্রযুক্তির ভালো দিক গ্রহণ আর খারাপ বিষয়গুলো বর্জন করতে হবে।
বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, জীবনকে গড়তে কাউকে মডেল হিসেবে নিতে হলে বঙ্গবন্ধুর চেয়ে বড় আদর্শ আর কেউ হতে পারে না। তিনি যেমন ভালো রাজনীতিবিদ ছিলেন, তেমনি ভালো মানুষও ছিলেন। এ সময় তিনি বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের পরিচালক ও নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট, ব্যাগ, টি-শার্টসহ শিক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়।