
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক ইজিবাইকচালকের হাত-পা বাঁধা অবস্থায় থাকা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাড়াশ-বারুহাঁস আঞ্চলিক সড়কের হেদার খালের ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইজিবাইকচালক মো. ইসলাম (৩০) উপজেলার বারুহাঁস ইউনিয়নের সান্দ্রা গ্রামের বাসিন্দা।
পুলিশের ধারণা, মো. ইসলামকে হাত-পা বেঁধে শ্বাস রোধ করে হত্যার পর তাঁর ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বুধবার রাত ১০টার দিকে মো. ইসলাম স্থানীয় বিনোদপুর বাজার এলাকায় ধান পরিবহনের জন্য বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। আজ সকালে তাড়াশ-বারুহাঁস আঞ্চলিক সড়কের হেদার খালের ব্রিজ এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে তাড়াশ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।