
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রদলের সভাপতি একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করছেন। শাহরিয়ার ফয়সাল নামের এই নেতা উপজেলা ছাত্রদলের সভাপতির পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্বেও আছেন। একজন একই সঙ্গে দুটি সংগঠনের পদে থাকায় সাধারণ নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন দেওয়া হয় গত বছরের ১৭ নভেম্বর। শাহরিয়ার ফয়সালকে আহ্বায়ক করে ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এর আগে ২০১৭ সালে শাহরিয়ারকে উপজেলা ছাত্রদলের সভাপতি করা হয়। ৫ সদস্যের কমিটি এখনো বহাল আছে। কিন্তু গত পাঁচ বছরেও ছাত্রদলের সেই কমিটি পূর্ণাঙ্গ করতে ব্যর্থ হন তাঁরা।
বিএনপির জেলা পর্যায়ের নেতারা বলছেন, নিয়ম অনুযায়ী কোনো নেতা যদি বিএনপির অঙ্গসংগঠনের পদ পান, তবে তাঁকে অন্য অঙ্গসংগঠন থেকে পদত্যাগ করতে হবে। কিন্তু স্বেচ্ছাসেবক দলের পদ পাওয়ার ছয় মাস হলেও ছাত্রদলের নেতৃত্ব ছাড়েননি।
ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ভাষ্য, যোগ্যতা থাকার পরও অনেক নেতা-কর্মী দলের নেতৃত্বে যেতে পারছেন না। একই সঙ্গে দুটি সংগঠনের পদে থাকা দলের নিয়মনীতির সঙ্গে সংগতিপূর্ণ নয়। জেলা বিএনপির সাবেক এক নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে শাহরিয়ার একই সঙ্গে দুটি ভিন্ন সংগঠনের পদে বসানো হয়েছে। অথচ তিনি ছাত্রদলের দায়িত্ব পালনকালে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। পাঁচ বছরেও ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি করতে পারেননি তিনি।
এদিকে একই সঙ্গে দুটি সংগঠনের গুরুত্বপূর্ণ পদ ধরে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক সাধারণ নেতা-কর্মী। নজরুল ইসলাম নামের উপজেলা স্বেচ্ছাসেবক দলে এক কর্মীসহ অন্তত আটজন নেতা-কর্মীর ভাষ্য, যে সংগঠনে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা থাকার পরও পদস্বল্পতার কারণে নেতা-কর্মীরা কমিটিতে ঠাঁই পাননি, সেখানে একই ব্যক্তিকে দুই সংগঠনের গুরুত্বপূর্ণ পদ দেওয়া ঠিক হয়নি। এসব কারণেই মেধাবীরা এখন রাজনীতিতে আসতে পারছেন না।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, উপজেলা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। সামনে নতুন কমিটি আসবে। স্বেচ্ছাসেবক দলের পদ পেলে আগের সংগঠনের নেতৃত্ব ছেড়ে আসার নিয়ম থাকলেও ফয়সাল ছাত্রদল থেকে সম্মেলনের মাধ্যমে বিদায় নিতে চাচ্ছেন।
বিষয়টি জানতে গতকাল শনিবার ও আজ রোববার জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তাঁরা ফোন ধরেননি।
যোগাযোগ করা হলে শাহরিয়ার ফয়সাল বলেন, জেলা কমিটি তাঁকে যোগ্য মনে করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব দিয়েছে। ছাত্রদলের নতুন কমিটি গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন। অচিরেই এটি অনুমোদন পাবে। তখন আর তিনি এ দায়িত্বে থাকবেন না।
এক নেতার একই সঙ্গে পৃথক সংগঠনের পদে থাকার বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বলেন, তৃণমূল পর্যায়ে ত্যাগী ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করেছেন। কিন্তু অঙ্গসংগঠনের এই সাংগঠনিক টিম অনেক ক্ষেত্রেই তৃণমূলের মতামত বা স্থানীয় বিএনপির সঙ্গে সমন্বয় করে না। তারা কেন্দ্রীয় নেতাদের পরামর্শ অনুযায়ী তাদের নিজ নিজ এলাকায় পছন্দের লোক দিয়েই কমিটি গঠন করে দিচ্ছে। এ পছন্দের কারণে একজন দুই পদে থাকছেন। আবার অনেক যোগ্যরা বাদ পড়ছেন।