তিন অবৈধ পলিথিন কারখানায় অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা

নোয়াখালী জেলার মানচিত্র
নোয়াখালী জেলার মানচিত্র

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বিসিকি শিল্প নগরীতে নিষিদ্ধ পলিথিন উৎপানদারী তিনটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল অবৈধ পলিথিন জব্দ করা হয়।

আজ সোমবার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার বেগম। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানার পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌমুহনী বিসিক শিল্প নগরীতে গড়ে ওঠা নিষিদ্ধ পলিথিন উৎপাদনের তিনটি কারখানায় ঝটিকা অভিয়ান পরিচালনা করা হয়। অভিযানকালে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইনে এসপি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংকে এক লাখ টাকা, ভাই ভাই প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংকে এক লাখ ও আল মদিনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন্নাহার বেগম। প্রথম আলোকে তিনি বলেন, অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ডের পাশাপাশি মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।