উল্লাপাড়ায় ট্রেনের ইঞ্জিন বিকল

তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেলযোগাযোগ স্বাভাবিক

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে পরে বিকল ট্রেনটি উদ্ধার করা হয়
ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ার প্রায় তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কে উল্লাপাড়া ও লাহিড়ী মোহনপুর স্টেশনের মধ্যে ৩২ নম্বর সেতুর পাশে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়।

পরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটি উদ্ধার করে উল্লাপাড়া স্টেশনে টেনে নিয়ে আসা হয়। উল্লাপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া স্টেশন ব্লক পার হয়ে মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে রেললাইনে দাঁড়িয়ে যায়। পরে বেলা আড়াইটার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বিকল হওয়া ট্রেনকে উল্লাপাড়া স্টেশনে নিয়ে যায়। এতে প্রায় তিন ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ ছিল।