থানায় ঢুকে হামলা, দুই পুলিশ সদস্য আহত

চাঁদপুর জেলার মানচিত্র
চাঁদপুর জেলার মানচিত্র

চাঁদপুর নৌ থানায় প্রবেশ করে পুলিশের ওপর হামলা হয়েছে। এতে দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। হামলাকারীদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আছেন দুজন।

আহত ব্যক্তিরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলী আকবর, কনস্টেবল মো. ইউনুছ ও অফিস সহকারী মো. রাকিব। ঘটনার পরপরই তাঁদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আটক তিনজন হলেন চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার পলাশ হোসেন (৩২), মো. তাজমির মোল্লা (২৮) ও রাব্বী পাটওয়ারী (৩০)। আজ বুধবার দুপুরে এই ঘটনায় নৌ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলী আকবরের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহারে বলা হয়, গতকাল সন্ধ্যায় মো. স্বপন ফরাজী নামের এক বালু ব্যবসায়ী হঠাৎ করে ‘আমাকে বাঁচান বাঁচান’ বলে চিৎকার দিয়ে ওসির কক্ষে প্রবেশ করেন। ওই কক্ষের সামনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন কনস্টেবল ইউনুছ। তাঁকে ধাক্কা দিয়ে ওসির কক্ষে প্রবেশ করে স্বপনকে মারধর করতে থাকেন আসামিরা।

এ অবস্থায় এএসআই আলী আকবরসহ কয়েকজন পুলিশ সদস্য মারধর থামাতে গেলে তাঁদেরও পিটিয়ে আহত করা হয়। চিৎকার শুনে ঘটনাস্থলে উপস্থিত হন নৌ থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম। তাঁকেও দেখে নেওয়ার হুমকি দেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে ওসি চাঁদপুর মডেল থানার সহায়তা চান। পরে মডেল থানা পুলিশের সহায়তায় তিন হামলকারীকে আটক করা হয়। পালিয়ে যান দুজন।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘হামলাকারীরা চিহ্নিত অপরাধী। তারা আমার কক্ষে প্রবেশ করে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে। নিয়ন্ত্রণ করতে না পেরে মডেল থানায় সংবাদ দেই। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন, তাঁদের বিষয়ে খোঁজখবর নিয়ে দেখা গেছে, তাঁরা প্রত্যেকেই একাধিক মামলার আসামি। স্বপন নামের ওই ব্যক্তি তাঁদের মার খেয়ে থানায় প্রবেশ করেছিলেন। তাঁকে বাঁচাতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারী তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদ বলেন, ‘আমরা গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’