থানা ঘুরে লজ্জাবতী বানরটি এখন উদ্ধারকেন্দ্রে

লজ্জাবতী বানরটি রাখা হয়েছে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া বন্য প্রাণী রেসকিউ সেন্টারে। রোববার বিকেলে
 ছবি: প্রথম আলো

দুজন বন্য প্রাণী গবেষক জানতে পারেন, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় একটি লজ্জাবতী বানর পাওয়া গেছে। বানরটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে বানরটিকে উদ্ধার করে অবমুক্ত করা হয়। পরক্ষণেই খবর আসে, বানরটি আবার কিছু লোকের হাতে বন্দী হয়েছে। পরে আবার অভিযান চালিয়ে বানরটি উদ্ধার করা হয়।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা প্লামপ্লরিস ইভি সূত্রে জানা যায়, ২৮ এপ্রিল বন্য প্রাণী গবেষক মো. হাসান আল রাজী ও মারজান মারিয়া জানতে পারেন, ময়মনসিংহের ধোবাউড়ায় একটি লজ্জাবতী বানর পাওয়া গেছে। তাঁরা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। বন বিভাগের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট থেকে একজনকে বানরটি উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়া লোকটি জানান, বানরটিকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ২ মে রাতে আবার ওই দুই বন্য প্রাণী গবেষক জানতে পারেন, কিছু লোক বানরটিকে বন্দী করেছেন। তাঁরা বানরটি হস্তান্তর না করার পাঁয়তারা শুরু করেন। তাঁরা বানরের খাবার খরচ বাবদ ১০ হাজার টাকা দাবি করেন। একপর্যায়ে ইউএনওর উপস্থিতিতে হস্তান্তরের কথা বলে ইউএনওর অফিসে বানরটিকে নিয়ে যাওয়া হয়। সেখানে কাউকে না পেয়ে বানরটিকে নিয়ে যাওয়া হয় ধোবাউড়া থানায়। শেষ পর্যন্ত ৭ মে রাতে লজ্জাবতী বানরটি তাঁদের কাছ থেকে উদ্ধার করে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া বন্য প্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে।

বন্য প্রাণী গবেষক মো. হাসান আল রাজী রোববার প্রথম আলোকে বলেন, প্রাণীটি এখন জানকীছড়া ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে। দীর্ঘদিন আটকে থাকার কারণে তার মধ্যে স্বভাবগত কিছু পরিবর্তন এসেছে। শুধু ফল ও মিষ্টিজাতীয় খাবার খাওয়ার কারণে প্রাণীটির দাঁত ও মুখগহ্বরে কিছু ক্ষত তৈরি হয়েছে। এই সমস্যাগুলোর সমাধান হয়ে গেলেই বন বিভাগের পরামর্শ অনুযায়ী প্রাণীটিকে যথাযথ স্থানে অবমুক্ত করা হবে।

সংস্থাটির পক্ষে লজ্জাবতী বানরটির দেখাশোনা করছেন চঞ্চল গোয়ালা নামের এক ব্যক্তি। সোমবার তিনি প্রথম আলোকে বলেন, লজ্জাবতী বানরটি এখন ভালো আছে, সুস্থ আছে। মনে হয়, কয়েক দিন কম খেয়েছে। রোববার একসঙ্গে বেশ ভালো খেয়েছে। পানিও বেশি খেয়েছে। আজ সোমবার জিগাগাছের আঠা ও পোকা খাওয়ানো হয়েছে। বানরটির মাথা ও হাত-পায়ের কিছু ছাল উঠে গেছে। ধারণা করা হচ্ছে, বানরটি খাঁচা থেকে বের হওয়ার চেষ্টা করায় এমনটা হতে পারে।