প্রতিদিন প্রায় ৬০০ দর্শনার্থীর আগমন ঘটে। এখানে সাধারণ মানুষের প্রবেশ ফি ২০ টাকা।
এ জাদুঘরে রয়েছে পুরোনো পাণ্ডুলিপি, উল্কাপিণ্ড, গাছের বাকলে লেখা সংস্কৃত কাব্যলিপি।
রংপুর শহর থেকে ছয় কিলোমিটার দূরে তাজহাট জমিদারবাড়ি। এর চার পাশের খোলামেলা সবুজ পরিবেশ মনকে দেয় প্রশান্তি। ভবনের কেন্দ্রীয় সিঁড়িটি গড়া সাদা মার্বেল পাথর দিয়ে। বিংশ শতাব্দীর শুরুতে নির্মাণ করা এ ভবন বর্তমানে জাদুঘর। এখানে রয়েছে পুরোনো পাণ্ডুলিপি, সম্রাট-কবিদের হাতে লেখা চিঠি, যা দর্শনার্থীদের রাজা–বাদশাহদের আমলে নিয়ে যাবে।
সরেজমিন দেখা যায়, তাজহাট জমিদারবাড়ির সম্মুখভাগ ৭৬ মিটার। সাদা মার্বেল পাথরে তৈরি প্রশস্ত কেন্দ্রীয় সিঁড়িটি সরাসরি দোতলায় চলে গেছে। সেখানে দুটি বড় কক্ষ জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর নিচের তিনটি ছোট-বড় কক্ষ অফিসের জন্য।
২০০৫ সালে এ জমিদারবাড়ি জাদুঘরে রূপান্তরিত করা হয়। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন
জাদুঘর কর্তৃপক্ষ জানায়, বিংশ শতাব্দীর শুরুতে এ ভবন নির্মাণ করেন মহারাজা কুমার গোপাল লাল রায়। ২০০৫ সালে জমিদারবাড়ি জাদুঘরে রূপান্তরিত করা হয়। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন। গত বছরের জুন মাস থেকে চলতি বছরের ১৫ মে পর্যন্ত ২ লাখ ১৭ হাজার ৮৩ জন দর্শনার্থী এ জাদুঘরে আসেন। তাঁদের মধ্যে বিদেশি ৮২ জন। চলতি মাসের প্রথম ১৫ দিনে ২২ হাজার ৯৬৫ জন জাদুঘর দেখতে আসেন। জাদুঘরের প্রবেশ টিকিট থেকে গত এক বছরে রাজস্ব আয় হয়েছে ৪৩ লাখ ৮৩ হাজার টাকা।
জাদুঘর কর্তৃপক্ষ আরও বলে, প্রতিদিন প্রায় ৬০০ দর্শনার্থীর আগমন ঘটে। তবে বন্ধের দিন শুক্র ও শনিবার এক হাজারের বেশি লোকের সমাগম হয়। এখানে সাধারণ মানুষের প্রবেশ ফি ২০ টাকা। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ৫ টাকা, সার্কভুক্ত দেশের লোকদের ১০০ টাকা ও এর বাইরে বিদেশি পর্যটকদের ২০০ টাকা প্রবেশ মূল্য।
গত সোম ও গতকাল মঙ্গলবার সরেজমিন দেখা গেছে, জাদুঘরের পাশাপাশি জমিদারবাড়ির প্রাঙ্গণে অনেকে ঘুরছেন। জাদুঘরের ভেতরে ছবি তোলা নিষেধ। তাই বাইরে এসে সিঁড়ির বা সবুজ বাগানে ছবি তুলছেন অনেকে।
কুড়িগ্রাম থেকে আসা অবসরপ্রাপ্ত চাকরিজীবী সোহরাব আলী পরিবার নিয়ে এসেছেন জাদুঘর দর্শনে। তিনি বলেন, ‘চাকরির জন্য বাইরে বাইরে ঘুরতে হয়েছে। কিন্তু কখনো জেলার পাশে এত সুন্দর একটি ভবন এবং জাদুঘর থাকলেও তা দেখা হয়নি। এ জাদুঘরের পরিবেশ সুন্দর।’
এ জাদুঘরে রয়েছে পুরোনো পাণ্ডুলিপি, উল্কাপিণ্ড, গাছের বাকলে লেখা সংস্কৃত কাব্যলিপি, মৃৎশিল্প, বিষ্ণুমূর্তি ও পাথরের তৈরি নানা আমলের নিদর্শন। আরও রয়েছে নারী মহীয়সী বেগম রোকেয়া, মোগল সম্রাট আওরঙ্গজেব ও মহাকবি শেখ সাদীর হাতে লেখা চিঠি। রয়েছে রাজা গোপাল রায়ের ব্যবহৃত দাঁড়িপাল্লা, পুরোনো দিনের টেবিল-আসবাব, হাতে লেখা মহাভারত, মহাস্থানগড়ের পোড়ামাটির ফলক, কালো পাথরের মূর্তি, সরলা দেবীর মূর্তি, সাঁওতালদের ব্যবহার করা তীর-ধনুক। আরও আছে আরবি, ফারসি, বাংলা ও সংস্কৃত ভাষার শিলালিপি।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর দেখা মিলল জাদুঘরে। তাঁরা বলেন, হাতে সময় থাকলে মাঝেমধ্যে তাঁরা এখানে ঘুরতে আসেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কুষ্টিয়ার বাসিন্দা আল মামুন বলেন, ‘ইতিহাসের সঙ্গে পরিচিত হতে নতুন নতুন জায়গায় ছুটে যেতে বেশ ভালো লাগে। তেমনি বন্ধুদের সঙ্গে নিয়ে জাদুঘর দর্শন এবং ঘুরে ঘুরে পুরোনো আমলের ঐতিহাসিক জিনিস দেখা হলো।’
এ জাদুঘরে কাস্টডিয়ানসহ ১৪ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এ ছাড়া ১২ জন কর্মচারী অস্থায়ীভাবে কাজ করছেন। নিরাপত্তায় নিয়োজিত ১৫ জন আনসার সদস্য আছেন।কাস্টডিয়ান হাবিবুর রহমান বলেন, আগের থেকে এখন অনেক বেশি দর্শনার্থীর আগমন ঘটছে।