দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না সিপিবি: মুজাহিদুল ইসলাম

বগুড়ায় ভোটাধিকার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে সিপিবি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন দলের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। শুক্রবার বিকেলে শহরের সাতমাথা মুজিবমঞ্চে
ছবি: প্রথম আলো

নির্দলীয় সরকারের অধীনে ছাড়া দলীয় সরকারের অধীনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আর কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। আজ শুক্রবার বিকেলে বগুড়া শহরে ভোটাধিকার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে সিপিবি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মুজাহিদুল ইসলাম বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিপিবি কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য বর্তমান সরকারকে বাধ্য করতে হবে। সে জন্য আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে তীব্র লড়াই গড়ে তুলতে হবে।’

জনসভায় আওয়ামী লীগের আমলে ব্যাপক দুর্নীতি হওয়ার কথা উল্লেখ করে মুজাহিদুল ইসলাম বলেন, স্বৈরাচার এরশাদের পতনের পর ৩২ বছর অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৯ বছর ক্ষমতায় থেকেছে আওয়ামী লীগ। টানা ১৪ বছর ধরে তারা ক্ষমতা দখল করে আছে। আওয়ামী লীগ সরকারের আমলে এ দেশ থেকে ১১ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। দুর্নীতির মাধ্যমে আমলা, ঠিকাদার, অসৎ রাজনীতিবিদেরা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছেন। দিনরাত কষ্ট করেন কৃষক, খেতমজুর, প্রবাসী শ্রমিক ও পোশাকশ্রমিকেরা। আর মুনাফা লুটে বিদেশে পাচার করছে লুটেরা ধনিক শ্রেণি।

সিপিবির এই নেতা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের প্রকৃত আয় কমেছে। করোনাকালে আড়াই কোটি লোক নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমেছে। দেশে এখন মোট সাড়ে পাঁচ কোটি মানুষ দারিদ্র্যসীমার মধ্যে অবস্থান করছে। দরিদ্র মানুষের হাতে টাকা গেলে দেশের উন্নতি হবে, ধনীদের হাতে টাকা গেলে বিদেশে পাচার হয়ে যাবে।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যর্থতা নিয়ে সরকারের পদত্যাগ করা দরকার। জনগণের ঘাড়ে চেপে বসা এই সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করে গরিব মানুষকে বাঁচাতে হবে। এমন সরকারকে ক্ষমতায় আনতে হবে, যারা গরিব মানুষের স্বার্থরক্ষা করতে পারবে।

মুজাহিদুল ইসলাম আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করে এটিকে প্রহসনে পরিণত করেছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ছিল একদলীয় নির্বাচন। ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস করার নির্বাচন। আর ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন ছিল মধ্যরাতের নির্বাচন। এখন নির্বাচন পরিণত হয়েছে আওয়ামী লীগ বনাম ‘বিদ্রোহী’ আওয়ামী লীগের নির্বাচনে।

ভোটাধিকার ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মুজাহিদুল ইসলাম বলেন, লুটেরাদের বিরুদ্ধে তীব্র গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। এ জন্য দেশবাসীকে সিপিবির ডাকে ঐক্যবদ্ধ হতে হবে।

জনসভায় সভাপতিত্ব করেন সিপিবির বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম। এটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ। এতে অন্যান্যের মধ্যে আবদুল্লাহ ক্বাফী, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগিব আহসান, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মহসীন রেজা প্রমুখ বক্তব্য দেন। জনসভা শেষে লাল পতাকা হাতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।