দিনাজপুরে ট্রা‌কচাপায় ইউপি সদস্যসহ ‌নিহত ৩

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের মঙ্গলপুর চেয়ারম্যানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দৌলা গ্রামের মো. রাকিবউদ্দিন আহমেদ (৫০), ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরশহরের মো. তাসিম (১৪) ও দিনাজপুর শহরের গুড়গোলা এলাকার সাদবিন ওসমান (২৪)। তাঁদের মধ্যে রাকিবউদ্দিন আহমেদ বোচাগঞ্জ উপজেলার আটগাঁ ইউপির সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ইউপি সদস্য রাকিবউদ্দিনসহ চারজন একটি মাইক্রোবাসে দিনাজপুর থেকে বোচাগঞ্জে যাচ্ছিলেন। মঙ্গলপুরে আসার পর মাইক্রোবাসের জ্বালানি শেষ হয়ে যায়। মঙ্গলপুর থেকে সাদবিন ওসমানের মোটরসাইকেলে চেপে রাকিবউদ্দিন ও তাসিম তেলের জন্য ফিলিং স্টেশনে যান। সেখান থেকে ফেরার সময় মঙ্গলপুর চেয়ারম্যানের বাজার এলাকায় দিনাজপুর থেকে বোচাগঞ্জগামী একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, মঙ্গলপুর পুলিশ তদন্তকেন্দ্রের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনজনের লাশ বাড়িতে নেওয়া হয়েছে।