
দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমান বাদশার প্রার্থিতা বহাল রেখে দ্রুত ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
গতকাল মঙ্গলবার বিকেলে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি ওবায়দুল হাসান এই নির্দেশ দেন। যদিও আজ বুধবার বেলা ১১টা পর্যন্ত সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে কোনো নির্দেশনা পাননি।
এর আগে গত ৫ জানুয়ারি চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমানের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে তাঁর প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টের বিচারপতি মামনুর রহমান এবং বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চে আপিল করেন সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দা মোকলেসুর রহমান। এরই পরিপ্রেক্ষিতে ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচনের আগের দিন রোববার বিকেলে হাইকোর্টের বেঞ্চ আনিসুর রহমানকে ঋণখেলাপি হিসেবে সাব্যস্ত করে প্রার্থিতা বাতিলের আদেশ দেন। পরে সন্ধ্যায় ওই ইউনিয়নে সব পদে নির্বাচন স্থগিত ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
মঙ্গলবার বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান আপিল বিভাগে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে চেম্বার জজ বিচারপতি ওবায়দুল হাসান এক আদেশে হাইকোর্ট প্রদত্ত আদেশের কার্যকারিতা স্থগিত ঘোষণা করেন। সেই সঙ্গে ওই ইউনিয়নে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।
চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমানের আইনজীবী রুহুল কুদ্দুস বলেন, স্বতন্ত্র প্রার্থীকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠানের যে আদেশ হাইকোর্ট দিয়েছিলেন, তা স্থগিত করে প্রার্থীর প্রার্থিতা বহাল রেখে নির্বাচন অনুষ্ঠান করার জন্য আপিল বিভাগ নির্দেশ দিয়েছেন। এই আদেশের পরিপ্রেক্ষিতে আনিসুর রহমানের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় আর কোনো বাধা রইল না।
জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান প্রামাণিক বলেন, ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে ভোট গ্রহণের দিন নির্ধারিত আছে। চেহেলগাজী ইউনিয়নে সংশ্লিষ্ট প্রার্থীর বিষয়ে কমিশন থেকে এখনো কোনো চিঠি পাননি। চিঠি পেলে ৭ ফেব্রুয়ারিতেই ইউনিয়নটির ভোট নেওয়া হবে।
প্রার্থিতা ফিরে পেয়ে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান বলেন, ‘আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই অপবাদ দিয়ে আমার প্রার্থিতা বাতিলের অপচেষ্টা করা হয়েছিল। আগেই বলেছি, আমার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ সত্য নয়।’ মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে মানহানির মামলা করার কথাও জানান তিনি।