
খাগড়াছড়ির দীঘিনালায় ছয় শতাধিক মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০৩ পদাতিক ব্রিগেডের উদ্যোগে সেনা পরিবার কল্যাণ ও দীঘিনালা সেনা জোন ঈদ উপহার বিতরণের আয়োজন করে।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজদের সঙ্গে কোনো আপস নেই। সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চলছে, অভিযান অব্যাহত থাকবে।
ঈদ উপহার পাওয়া শারীরিক প্রতিবন্ধী আনজিরা বেগম (৮০) বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে নগদ টাকাসহ খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে।
ভূপতি কারবারিপাড়ার বাসিন্দা হিরণবালা চাকমা (৭৫) বলেন, ‘সেনাবাহিনী যে খাদ্যসামগ্রী উপহার দিয়েছে, তা দিয়ে আমি ১০ দিন চলতে পারব।’
দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী প্রথম আলোকে বলেন, ছয় শতাধিক দুস্থ মানুষের হাতে চাল, ডাল, তেল, লবণ, চিনি, আটা, সেমাইসহ নগদ টাকা এবং ৫০ জন এতিম শিশুর হাতে নতুন পাঞ্জাবি উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে।