দুই পক্ষের উত্তেজনার মধ্যে জয়পুরহাট আ.লীগের সভা, ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দলীয় কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়
ছবি: প্রথম আলো

বিবদমান দুই পক্ষের উত্তেজনার মধ্যে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা তিনটায় শুরু হওয়া সভা চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত। শহরের চিত্রা রোডের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান-সংলগ্ন জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এদিকে দুই পক্ষের মধ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছিল বিপুলসংখ্যক পুলিশ সদস্য। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, বেলা তিনটায় জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে একটি সভা হয়। সভায় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

গত বুধবার জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ সম্পর্কে কিছু ‘অশোভন বক্তব্য’ দিয়েছিলেন। এ ঘটনায় হুইপের নির্বাচনী এলাকার (আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল) এই তিন উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গোলাম মাহফুজ চৌধুরীকে দল থেকে বহিষ্কারের দাবি তোলা হয়। আজ দলীয় সভায় গোলাম মাহফুজ চৌধুরীকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে—এমন আশঙ্কা করছিলেন তাঁরা। এ জন্য দুই পক্ষের নেতা-কর্মীরা সভায় যোগ দেন।

দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের বেশির ভাগ দোকান বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের বেশির ভাগ দোকান বন্ধ ছিল। সভা শুরুর আগে থেকেই দলীয় কার্যালয়ের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সভা শেষ হয়েছে।

সভায় উপস্থিত কয়েকজন সদস্য জানান, সভায় বিবিধসহ মোট ছয়টি আলোচ্যসূচি ছিল। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরীর ‘অশোভন বক্তব্যের’ বিষয়টি বেশির ভাগ সদস্যের বিবিধ আলোচনায় উঠে আসে। তাঁরা দল থেকে গোলাম মাহফুজ চৌধুরীকে বহিষ্কারের দাবি জানান। সভায় গোলাম মাহফুজের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এখন ব্যস্ত আছি। সভার সিদ্ধান্তের বিষয়ে পরে আপনাদের বিস্তারিত জানাব।’

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান প্রথম আলোকে বলেন, দলীয় সভাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য আওয়ামী লীগের কার্যালয় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।