
প্রয়োজনীয় যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণের অভাবে দিনাজপুরের পার্বতীপুরে এক জোড়া ডেমু ট্রেন দুই বছর ধরে পড়ে আছে। সংশ্লিষ্টরা বলেন, এসব ট্রেন মেরামতের জন্য যেসব যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রয়োজন, তা দেশে নেই। এ অবস্থায় একটি ডেমু ট্রেন দেশীয় প্রযুক্তিতে মেরামতের কাজ চলছে।
ডেমু ট্রেন দুটির একটি পার্বতীপুর লোকোশেডে অপরটি ডিজেল শপে রয়েছে। লোকোশেডের কর্মকর্তারা বলেন, ডেমু ট্রেনের দুই দিকে দুটি ইঞ্জিন, মাঝখানে বগি। বগিতে কোনো টয়লেট নেই। এমনভাবে জানালার কাচ বসানো, ভেতরে বাতাস ঢোকে না। ট্রেন দুটি ঘন্টায় ৮০ কিলোমিটার গতিসম্পন্ন। তিনটি বগির প্রতিটি ১৪৯ যাত্রীর বসার ও ১৫১ যাত্রীর দাঁড়িয়ে চলাচলের ব্যবস্থা ছিল।
২০১৩ সালের ২৭ আগস্ট ডেমু ট্রেনের আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করে। স্থানীয় ব্যক্তিরা বলেন, পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও ৯৪ কিলোমিটার রেলপথে চিরিরবন্দর, দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে এ ডেমু ট্রেনটি যাত্রাবিরতি করত। পার্বতীপুর থেকে লালমনিরহাট পর্যন্ত টিকেটের মূল্য ৩৫ টাকা এবং দিনাজপুর পর্যন্ত টিকেটের মূল্য ১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
পার্বতীপুর লোকোসেড সূত্র জানায়, কম সময়ে ট্রেনটি জনপ্রিয়তা পেলেও ২০২০ সালের ২৬ মার্চ থেকে এগুলো নষ্ট পড়ে আছে। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি যান্ত্রিক ত্রুটির কারণে একটি ডেমু ট্রেন পার্বতীপুর ডিজেল শপে মেরামতের জন্য পাঠানো হয়। লোকোশেডের কর্মচারীরা ট্রেনটি ঠিক করার চেষ্টা করছেন।
পার্বতীপুর লোকোসেডের ইনচার্জ সিনিয়র সহকারি প্রকৌশলী কাফিউল ইসলাম বলেন, পরীক্ষামূলকভাবে দেশীয় প্রযুক্তিতে একটা ডেমু ট্রেন মেরামতের কাজ চলছে। এই কাজ চলতি বছরের জুলাই মাসে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সফল হলে পড়ে থাকা আরেকটি ডেমু ট্রেন চলাচলের উপযোগী করা হবে।
রেলওয়ের পার্বতীপুর স্টেশন মাস্টার শওকত আলী জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ডেমু ট্রেনটি বন্ধ আছে। কবে নাগাদ এ রুটে ডেমু ট্রেন আবার চালু হবে তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।
লালমনিরহাট ডিভিশনাল ট্রাফিক সুপারিনটেনডেন্ট (ডিটিএস) খালিদুন নেছা সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সঙ্গে কথা বলতে বলেন। ডিআরএম শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, মেরামতের কাজ চলছে।