
বাবাহারা দুই ভাতিজির চিকিৎসা করাতে ভারতের কলকাতায় যাচ্ছিলেন চাচা ইমরান খান (৩০)। দুই ভাতিজির প্রাণ বাঁচাতে যাওয়ার পথে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিজেই প্রাণ হারালেন ইমরান।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
ইমরান খানের চাচাতো ভাই হোসাইন খান প্রথম আলোকে বলেন, বড় ভাইয়ের দুই মেয়ের জীবন বাঁচাতে চিকিৎসার জন্য যাওয়ার পথে ইমরান নিজেই আর বাঁচতে পারলেন না। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। ইমরান সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের আতাউর রহমান খানের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ইমরান খানের বড় ভাই সামসুদ্দোহা খান এক বছর আগে করোনা সংক্রমণে মারা গেছেন। তাঁর দুই মেয়ে তাইয়িবা খান (৫) ও মারওয়া খান (৩) হৃদ্যন্ত্রের জটিলতায় ভুগছে। দুজনের চিকিৎসার জন্য দুই চাচা ইমরান খান ও পাভেল আহমেদ খান (৩৫) তাদের নিয়ে কলকাতায় যাচ্ছিলেন। ঢাকা হয়ে বেনাপোল দিয়ে তাঁদের কলকাতা যাওয়ার কথা ছিল। আজ ভোরে ফেঞ্চুগঞ্জ থেকে তাঁরা একটি মাইক্রোবাসে করে ঢাকা যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ইমরান খান। আহত হয়েছেন পাভেল আহমেদ, ওই দুই শিশু, মাইক্রোবাসের চালক ও তাঁর সহযোগী।
আবেদনের পরিপ্রেক্ষিতে যুবকের লাশ আজ বিকেলে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু।