
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় ফেনীর সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি এলাকার মিজানুর রহমানের (৩৬) দুই মাসের সাজা হয়েছিল। গ্রেপ্তার এড়াতে সেই থেকে তিনি নয় বছর পলাতক ছিলেন। অবশেষে গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করে সোনাগাজী মডেল থানা–পুলিশ।
পুলিশ জানায়, ২০১১ সালে উপজেলার মনগাজী বাজারের এক ব্যবসায়ী প্রতারণার মাধ্যমে ৩৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মিজানুরের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। ওই মামলায় ২০১৩ সালে মিজানুরকে দুই মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন ফেনীর আদালত। এর পর থেকে তিনি ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ মিজানুরকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালালেও তাঁকে ধরতে পারেনি। দীর্ঘদিন পলাতক থাকার পর গত সোমবার রাতে তিনি বাড়ি আসেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করে। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।