দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের শিয়ালী এলাকার মহাসড়কে আজ দুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন মৃধা (৩৫) নামের এক যুবক নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শাহিন মৃধা পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর এলাকার বাসিন্দা। শাহিন মৃধা দুমকিতে পোলট্রি মুরগির ওষুধ বিক্রির প্রতিনিধি ছিলেন।

দুর্ঘটনায় আহত তিনজনের বাড়ি ঝালকাঠির নলছিটি এলাকায়। তাঁরা হলেন রাফি (২৫), রনি (৩০) ও ইবনে রুমান। আহত ব্যক্তিদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা বলেন, তাঁরা তিনজন মোটরসাইকেল নিয়ে কুয়াকাটা ঘুরতে এসেছিলেন। আজ সকালে মোটরসাইকেলে করে তিনজন কুয়াকাটা থেকে তাঁদের বাড়ি ঝালকাঠির নলছিটি যাচ্ছিলেন। বেলা দেড়টার দিকে পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী গ্রামে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের যাত্রীরা সড়কের ওপর পড়ে গুরুতর আহত হয়ে আর্তচিৎকার শুরু করেন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শাহিন মৃধা মারা যান।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।