
গাজীপুরের একটি খামারের গরুর দুধ চুরির টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে খামার কর্মচারী যুবককে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর পানিতে ডুবে যুবকের মৃত্যুর কথা প্রচার করেন অভিযুক্ত ব্যক্তিরা। লাশের ময়নাতদন্তে মাথায় আঘাত পাওয়ার বিষয়টি জানা গেলে হত্যা মামলা করেন নিহত যুবকের বাবা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
নিহত যুবকের নাম রিয়াজ উদ্দিন (৩৫)। তিনি গাজীপুরের কালীগঞ্জ থানার জামালপুর হাজিপাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার ফুলদি এলাকার ছাইফ অ্যাগ্রো ফার্মে কাজ করতেন।
গ্রেপ্তার তিনজন হলেন নরসিংদী সদর থানার দক্ষিণ পুরানপাড়ার আজিজুল হক (২০), ইয়াছিন মিয়া (৩৯) ও নরসিংদীর শিবপুর থানার সৈয়দনগর এলাকার আবির হোসেন (১৬)।
পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, ছাইফ অ্যাগ্রো ফার্মে কাজ করতেন ইয়াছিন মিয়া, আজিজুল হক, আবির ও রিয়াজ উদ্দিন। ইয়াছিন খামারের দুধ বিক্রি থেকে শুরু করে ফার্মের যাবতীয় কাজ করতেন। তিনি দুধ বিক্রির টাকা থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা চুরি করে আলাদা করে রেখে দিতেন। দুধ বিক্রি করতে রিয়াজকে নিয়ে যাওয়ায় তিনিও বিষয়টি জেনে যান। এতে রিয়াজও দুধ চুরির টাকার ভাগ চেয়ে বসেন। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগে।
পিবিআই জানায়, ২০২০ সালের ২৮ জুন বিকেল ৪টার দিকে রিয়াজকে সুকৌশলে ফার্ম–সংলগ্ন বিলের মাঝ থেকে হাঁস আনার জন্য পাঠান ইয়াছিন। এ সময় ড্রাম নিয়ে সাঁতার দিলে রিয়াজের মাথায় কাঠের লাঠি দিয়ে তিন-চারটি আঘাত করেন ইয়াছিন। এতে রিয়াজ পানিতে ডুবে যান। তখন ইয়াছিন ফার্ম–সংলগ্ন বিলের পাড়ে দাঁড়িয়ে থাকা সহযোগীদের কাছে ফিরে এসে রিয়াজের পানিতে ডুবে যাওয়ার কথা প্রচার করেন। খামারের নিরাপত্তারক্ষী ও কাঠমিস্ত্রি নিয়ে পানি থেকে রিয়াজকে উদ্ধার করেন ইয়াছিন। পরে তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় করা মামলায় সোমবার রাতে বাড়িতে অভিযান চালিয়ে ইয়াছিন মিয়া, আজিজুল হক ও আবিরকে গ্রেপ্তার করে পিবিআই। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার গাজীপুর আদালতে পাঠানো হয়। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাঁদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।