দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সভাপতি মনিরুল, সম্পাদক রহিম

সভাপতি এ কে এম মনিরুল ইসলাম খান (বাঁয়ে) এবং সাধারণ সম্পাদক আবদুর রহিম
ছবি: সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে এম মনিরুল ইসলাম খান এবং গোপন ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুর রহিম। এ ছাড়া পৌর বিএনপির সভাপতি পদে গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক পদে আখতারুজ্জামান তুহিন নির্বাচিত হয়েছেন। শনিবার সকালে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলন শেষে তাঁদের নাম ঘোষণা করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক এ এইচ এম নুরুল ইসলাম খানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাফফর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ কে এম সাইফুল ইসলাম ও বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, জুলুমবাজ আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বিএনপি নির্বাচনে যাবে। বিএনপির নেতা-কর্মীরা সব জুলুম-নির্যাতন উপেক্ষা করে লড়াই-সংগ্রাম চালিয়ে যাবেন। আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দলীয় সংসদ সদস্য (কাহালু-নন্দীগ্রাম) মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন, জেলা বিএনপির সদস্য লাভলী রহমান, জেলার আহ্বায়ক কমিটির সদস্য এ কে এম আহসানুল তৈয়ব জাকির, জেলার সাবেক সহসভাপতি আবদুল মহিত তালুকদার, জেলা আহ্বায়ক কমিটির সদস্য এম আর ইসলাম, বগুড়া শহর বিএনপির সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য হামিদুল হক চৌধুরী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোর্শেদ মিল্টন প্রমুখ।

সম্মেলনে উপজেলা বিএনপির কমিটিতে মেশকাতুর রহমান, জান্নাতুল ফেরদৌস সাংগঠনিক সম্পাদক হয়েছেন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে জাহিদুল হক তালুকদার ও ইউনুছ আলী মহলদারের নাম ঘোষণা করা হয়।