
গাজীপুরের কাপাসিয়ায় সড়কের পাশ থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের বড়হর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। অন্য কোনো বড় যানবাহনের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনায় ওই তরুণের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহত তরুণের নাম সোহেল রানা (২৩)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বসাকপাড়া গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে। নিহত তরুণের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
কাপাসিয়া থানা-পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকালে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের বড়হর এলাকায় একটি মাদ্রাসার কাছে ওই তরুণের লাশ পাওয়া যায়। সড়কের কিশোরগঞ্জগামী লেনে লাশের আশপাশে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল ও এর বিভিন্ন অংশ ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে একজনেরই লাশ দেখতে পান স্থানীয় লোকজন। এতে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলে একজনই আরোহী ছিলেন। বড় কোনো যানবাহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর ওই তরুণের মৃত্যু হয়ে থাকতে পারে।