
ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাক্তন দুই শিক্ষার্থীসহ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চার বৈজ্ঞানিক কর্মকর্তার নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
আজ রোববার সকাল নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ‘সেইফ লাইন’ নামের একটি বাস পরমাণু শক্তি কমিশনের একটি বাসের সামনের দিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসে থাকা চার ব্যক্তি নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা পূজা সরকার, প্রকৌশলী কাউসার আহম্মেদ ও বাসের চালক রাজিব হোসেন। তাঁদের মধ্যে আরিফুজ্জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ৩৫তম ব্যাচের এবং পূজা সরকার পদার্থবিজ্ঞান বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পূজা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও সহকর্মীরা জানিয়েছেন। এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, যাঁরা মারা গেলেন, তাঁরা পেশাগত জীবনে ভালো বিজ্ঞানী ও গবেষক হয়ে উঠতে পারতেন। তাঁদের কর্মজীবন মাত্র শুরু হয়েছে। দেশের সম্ভাবনাময় প্রাণ এভাবে ঝরে যাওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া খুব জরুরি।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের (এনটিএফ) সভাপতি শামছুল আলম বলেন, দেশের সড়ক সম্পূর্ণ অব্যবস্থাপনার মধ্যে চলে গেছে। কোনো নজরদারি নেই। ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা নিয়মিত চলাচল করেন। সম্ভাবনাময় শিক্ষার্থীরা এভাবে ঝুঁকির মধ্যে থাকবেন, এটি হতে পারে না।
শিক্ষক মঞ্চের সমন্বয়ক রায়হান রাইন বলেন, ‘সড়ক দুর্ঘটনার ঘটনাগুলো নতুন নয়। আমাদের দেশে এটি মহামারি আকার ধারণ করেছে। সরকার যদি এখনো কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের প্রত্যেকের ঘাড়ে এসব মৃত্যুর দায় পড়বে।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘দুর্ঘটনার ভিডিও ফুটেজ দেখলেই বোঝা যায়, সড়কের কী ভয়াবহ পরিস্থিতি। গাড়ির ফিটনেস আছে কি না, চালকের যথাযথ প্রশিক্ষণসহ অন্যান্য বিষয়ের দিকে নজরদারি বাড়ানো দরকার। আমরা আর কোনো শিক্ষার্থীকে এভাবে অকালে হারাতে চাই না।’
ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল হক বলেন, সড়কে নৈরাজ্যের পেছনে সরকারি দলের লোকেরাই দায়ী। তাই কার্যকর কোনো ব্যবস্থা বাস্তবায়ন করা যাচ্ছে না। এ ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষসহ অন্যান্য সরকারি সংস্থার কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। সরকারের উচিত জনগণের জন্য কঠোর সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে যদি সরকারি দলের নেতা-কর্মীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হয়, তাতে পিছপা না হওয়া।