দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে: শিক্ষামন্ত্রী

শেরপুর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রোববার বিকেলে শেরপুর শহরের চকবাজার এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে
ছবি: প্রথম আলো

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীরা বই পাচ্ছে। পদ্মা সেতু নির্মিত হয়েছে। মেট্রোরেলের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

রোববার বিকেলে শেরপুর শহরের চকবাজার এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি বলেন, দেশ শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে। বিদ্যুৎ উৎপাদন গড়ে ২৫ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে। দুর্গম অঞ্চলের ঘরে ঘরে এখন বিদ্যুতের বাতি জ্বলছে। দেশ সমুদ্রজয় করেছে। আর সবই সম্ভব হয়েছে শেখ হাসিনার ম্যাজিকের কারণে। এই ম্যাজিকের কারণেই আজকের বাংলাদেশ বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের বিদায়ী সভাপতি মো. আবুল কাশেম।

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, দেশের এত অর্জন ও উন্নয়ন দেখে একাত্তরের পরাজিত শক্তি আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা নির্বাচনের পরিবর্তে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। কিন্তু আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে দেশের জনগণ। আর এই জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে এই অপশক্তিকে পরাজিত করে আওয়ামী লীগ পুনরায় নির্বাচিত হবে।

সম্মেলনে বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, নির্বাহী সদস্য রেমন্ড আরেং, মারুফা আক্তার, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল কুদ্দুছ, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, সহসভাপতি ফখরুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবীর, পৌর আওয়ামী লীগের বিদায়ী সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত প্রমুখ। সম্মেলনে আওয়ামী লীগ ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।