দোকান কর্মচারীকে অ্যাসিড নিক্ষেপের মামলায় যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামে অ্যাসিড নিক্ষেপের মামলায় মো. কামাল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন সরকারি কৌঁসুলি কামরুন নাহার বেগম।

আদালত সূত্র জানায়, ১৯৯৮ সালের ১৭ সেপ্টেম্বর নগরের ডবলমুরিং থানার সরকারি কমার্স কলেজ রোড এলাকায় রেফ্রিজারেশন দোকানের কর্মচারী মো. জাকারিয়াকে দোকানে অ্যাসিড ছুড়ে মারা হয়। এতে তাঁর চোখ, মুখ ও বুক ঝলসে যায়।

ওই ঘটনায় মো. জাকারিয়ার বাবা মো. ইউনুস বাদী হয়ে থানায় মামলা করেন। ২০০৪ সালের ১৫ সেপ্টেম্বর আসামি কামালের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। তিনজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ রায় দেন। আাসামি কামাল জামিনে ছাড়া পেয়ে পলাতক রয়েছেন।