দৌলতখানে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের লক্ষ্য করে গুলি, ১ জন গুলিবিদ্ধ

ভোলা জেলার মানচিত্র
ভোলা জেলার মানচিত্র

ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউপি সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে মেঘনা নদীর চেয়ারম্যানবাজার-নাছিরমাঝি নৌপথের হেতনার হাট এলাকায় এ ঘটনা ঘটেছে। মদনপুর থেকে ভোলা সদরের দিকে ট্রলারে করে যাওয়ার সময় তাঁদের ওপর গুলি চালানো হয়।

এ সময় মো. টিটু (৩২) নামের ট্রলারের এক যাত্রী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ট্রলারে ইউপি চেয়ারম্যান এ কে এম নাছির উদ্দিন ছাড়াও মো. হেলাল, আবদুল খালেক, মো. ইউসুফসহ ওই ইউপির আট সদস্য ছিলেন।

এ কে এম নাছির উদ্দিন জানান, আজ দুপুরে তিনি ভোটারদের সঙ্গে দেখা করতে ইউপি সদস্যদের নিয়ে মদনপুরে যান। সেখানে আসরের নামাজ পড়ে একটি যাত্রীবাহী ট্রলারে চড়ে ভোলা সদরের দিকে যাচ্ছিলেন। ট্রলারটি হেতনার হাট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তদের একটি দল স্পিডবোট নিয়ে এসে ট্রলারের দিকে এলাপাতাড়ি গুলি চালায়। এ সময় ওই ট্রলারের এক যাত্রী গুলিবিদ্ধ হন।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. জামাল উদ্দিনকে হারিয়ে তৃতীয়বারের মতো নাছির উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।