দ্বন্দ্বের জেরে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাস চলাচল বন্ধ, ভোগান্তি

বরগুনা জেলার মানচিত্র
বরগুনা জেলার মানচিত্র

বরগুনা ও পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে আন্তজেলা বাস চলাচল বন্ধ আছে। বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন গন্তব্যের যাত্রীরা দুর্ভোগে পড়েন।

পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘বরগুনা বাস মালিক সমিতি আমতলী-বরিশাল রুটে দুটি গাড়ি বেশি চালায়। বরগুনার মালিক সমিতির লোকজন আমাদের পটুয়াখালীর গাড়িগুলো থেকে যাত্রী নামিয়ে গাড়ি আটকে রাখছেন। বিষয়টি পটুয়াখালী জেলা প্রশাসকের নজরে আনা হয়েছে। ওই দুটি গাড়ি সরিয়ে নেওয়ার অনুরোধ করা হলেও তাঁরা সরিয়ে না নিয়ে জোর করে গাড়ি চালাচ্ছেন। বৃহস্পতিবার বিষয়টি সমাধানের কথা থাকলেও হয়নি। ফলে বাস চলাচল বন্ধ রয়েছে।’

এ বিষয়ে বরগুনা মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, দ্বন্দ্ব মীমাংসার জন্য পটুয়াখালী মালিক সমিতির সঙ্গে বৃহস্পতিবার রাতে বসার কথা ছিল, কিন্তু আলোচনায় না বসে নির্ধারিত সময়ের আগে পটুয়াখালী মালিক সমিতি কর্তৃপক্ষ বরগুনা মালিক সমিতির গাড়ি আটকে দেয়। নিরুপায় হয়ে তাঁরাও পটুয়াখালী মালিক সমিতির কুয়াকাটা সড়কে চলাচল করা গাড়ি আটকে দিয়েছেন।

বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৮ সালে বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলা বাস মালিক সমিতি সমন্বয় সভা হয়। ওই সভায় সিদ্ধান্ত মোতাবেক চার বছর ধরে তিন জেলায় বাস চলাচল করছে। তিন জেলার ১৭টি বাস বরিশাল-তালতলী সড়কে চলাচল করে। এর মধ্যে বরগুনা সমিতির ৭, পটুয়াখালী সমিতির ৫ ও বরিশাল সমিতির ৫টি গাড়ি আছে। আমতলী-তালতলী সড়কে খানাখন্দ থাকার কারণে দুই বছর ধরে তালতলী-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ ছিল। ১৫ মে থেকে তালতলী সড়কে বাস চলাচল শুরু হয়। দ্বন্দ্বের জেরে ১৮ মে পটুয়াখালী মালিক সমিতির লোকজন বরগুনা মালিক সমিতির গাড়ি পটুয়াখালী বাসস্ট্যান্ডে আটকে দেন। সাত দিন ধরে তাঁদের বাস আটকে রাখা হয়। পরে বরগুনা মালিক সমিতি গত বুধবার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে চলাচলরত পটুয়াখালী বাস মালিক সমিতির গাড়ি আমতলী বাসস্ট্যান্ডে আটকে দেয়। এ নিয়ে দ্বন্দ্ব আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে আন্তজেলা বাস চলাচল বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ হয়ে যায়। সর্বশেষ বৃহস্পতিবার রাত ১০টার দিকে এই প্রতিবেদন হালনাগাদ করার সময় বাস চলাচল বন্ধ ছিল।

বাসযাত্রী সাখাওয়াত হোসেন ও শাহজাহান জানান, সড়কে বাস চলাচল বন্ধ থাকায় তাঁরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি নিরসনের চেষ্টা চলছে।