ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা পরিহার করতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক
ফাইল ছবি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা পরিহার করতে হবে। কেউ কারও ধর্মে বাধা দেবেন না। যার ধর্ম সে পালন করবে। ধর্ম নিরপেক্ষতা মানে, ধর্মহীনতা নয়।

আজ শুক্রবার বেলা একটায় জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত খেলাঘরের দুই যুগ পূর্তি ও খেলাঘর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জিয়া ও এরশাদ বাংলাদেশের উন্নয়ন চাননি। তাঁরা দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করে যাঁরা ক্ষমতায় এসেছিলেন, তাঁরা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিলেন।

মোজাম্মেল হক বলেন, একটি মহল সুযোগ পেলে দেশের অসাম্প্রদায়িক চেতনাকে ভূলণ্ঠিত করার চেষ্টা করে। তারা ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছিল। তারই একটি প্রমাণ ছিল কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া ভাঙচুর-অগ্নিকাণ্ডের ঘটনা।

খেলাঘরের দুই যুগ পূর্তি ও খেলাঘর সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জেলা খেলাঘরের সভাপতি এবং জেলা বিএমএর সাধারণ সম্পাদক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলী আজাদ, জেলা প্রশাসক মো. শাহ্গীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী, কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাবেদ রহিম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জেলা খেলাঘরের উদ্যোগে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার পর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।