
বিলে পানি ঢোকার মুখের জলকপাটটি বিকল হয়ে যাওয়ায় মাত্র দুই দিনে ধানের জমি তলিয়ে গেছে, বলছেন কৃষকেরা।
পাবনার চাটমোহর উপজেলায় চলনবিলের ধান ডুবে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। কৃষকেরা বলছেন, পানিতে তলিয়ে যাওয়া খেত থেকে দুই-তৃতীয়াংশ ধান তুলতে পেরেছেন তাঁরা। আর পানিতে থাকা বাকি ধান নষ্ট হচ্ছে। এদিকে এলাকায় শ্রমিকসংকট চলছে। বেশি মজুরি দিয়েও তাঁরা ধান কাটার শ্রমিক পাচ্ছেন না। ফলে দিশাহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
স্থানীয় কৃষকেরা বলেন, বিলে পানি ঢোকার মুখের জলকপাটটি (স্লুইসগেট) বিকল হয়ে যাওয়ায় মাত্র দুই দিনের ব্যবধানে ধানের জমি ডুবে গেছে। তবে কৃষি বিভাগ বলছে, যমুনার পানি বৃদ্ধি ও টানা বৃষ্টিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
কৃষকেরা বলেন, চলনবিলের এলাকাজুড়ে বোরো ধানের চাষ হয়। এবার জমি থেকে পাকা ধান ঘরে তুলতে শুরু করেছিলেন তাঁরা। বিলে পানি ঢোকার মুখ কিনু সরকারের জোলায় বড় একটি জলকপাট আছে। গেটটি বিকল হওয়ায় মাত্র দুই দিনের মধ্যে বিলে পানি ঢুকে ধান ডুবে গেছে। শুক্রবার রাত থেকে বিলে পানি ঢুকতে শুরু করে। ডুবতে থাকে একের পর এক বোরো ধানের জমি। মাত্র দুই দিনের মধ্যেই উপজেলার বিলচলন ও সাইকোলা ইউনিয়নের খলিশাগাড়ি, নলখোলা, কুকড়াগাড়িসহ কয়েকটি মাঠের কয়েক হাজার একর ধানের জমি পানিতে ডুবে যায়। পানি থেকে ধান তুলতে শ্রমিকও পাওয়া যাচ্ছে না। ৫০০ টাকা মজুরির শ্রমিকের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮০০ থেকে ১০০০ টাকা।
গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর পার হলেই চাটমোহর-সাইকোলা সড়ক। আরেকটু সামনে সড়কের দুই দিকে বিস্তীর্ণ চলনবিল। বিলজুড়ে থই থই পানি। এর মধ্যে ডিঙি নৌকা ও ভেলা ভাসিয়ে ধান কাটা চলছে। ভেজা ধান এনে পালা করা হচ্ছে সড়কে। একদিকে পানি থেকে ধান তোলা, অন্যদিকে মাড়াই। যেন দম ফেলার সময় পাচ্ছেন না চাষিরা।
যে ধান লিয়ে সুখের স্বপন দেখতেছিলেম, হেই ধান এহন গলার কাটা হইছে। না পারতেছি ক্ষ্যেতে (জমিতে) রাখপের, না পারতেছি ঘরে লিবের।রফিজ উদ্দিন, কৃষক, রামনগর গ্রাম, চাটমোহর উপজেলা
কৃষকদের সঙ্গে কথা বললে তাঁরা বলেন, গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চার দিনে তাঁরা জমির দুই-তৃতীয়াংশ ধান ঘরে তুলতে পেরেছেন। তবে পানিতে ডোবায় সে ধানের প্রায় অর্ধেক নষ্ট হয়ে গেছে। বাকি একাংশ ধান এখনো জমিতেই রয়ে গেছে।
রামনগর গ্রামের রফিজ উদ্দিন বলেন, ‘যে ধান লিয়ে সুখের স্বপন দেখতেছিলেম, হেই ধান এহন গলার কাটা হইছে। না পারতেছি ক্ষ্যেতে (জমিতে) রাখপের, না পারতেছি ঘরে লিবের।’
কৃষকদের দেওয়া হিসাব অনুযায়ী, প্রতি বিঘা জমিতে ধান আবাদে বীজ-সার-কীটনাশক ও শ্রমিক মিলে প্রায় ১৭ থেকে ১৮ হাজার টাকা খরচ হয়। বিঘাপ্রতি ধান মেলে ২৫ থেকে ৩০ মণ পর্যন্ত। এবার শ্রমিকের মজুরি বাড়ায় খরচ ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত বেড়ে গেছে। অন্যদিকে পানিতে ভিজে এক–তৃতীয়াংশ ধান নষ্ট হয়ে গেছে। এবার বিঘাপ্রতি ধান মিলছে ১৭ থেকে ১৮ মণ পর্যন্ত। বর্তমান বাজারে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ৯০০ থেকে এক হাজার টাকা দরে। ফলে লোকসান গুনতে হবে তাঁদের।
নিমাইচড়া গ্রামের ইদ্রিস আলী জানান, কুকড়াগাড়ি বিলে তাঁদের ১০০ বিঘা জমিতে বোরো চাষ করেছেন। পুরো জমিই পানিতে ডুবে গেছে। কয়েক দিনে পানি থেকে ৬০ শতাংশ ধান তুলতে পেরেছেন। বাকি ধান পানিতে রয়ে গেছে।
সাইকোলা গ্রামের কৃষক মজিবুর রহমান জানান, তিনি ৮ বিঘা জমিতে ধান চাষ করেন। পানিতে এবার পুরো ৮ বিঘা জমিই ডুবে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, জলকপাটের কারণে ধান ডোবেনি। গেটের ১৪টি পাল্লার মধ্যে দুটি বিকল হয়েছিল। শনিবারেই সেটি বন্ধ করা হয়েছে। মূলত সুরমা-কুশিয়ারা নদীতে পানি বাড়ার কারণে যমুনায় পানি বেড়েছে। এতে বিলে কিছু পানি ঢুকেছে। অন্যদিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়ে গেছে। তবে এতে কী পরিমাণ ধানের ক্ষতি হয়েছে, তা এখনো বলা যাচ্ছে না।