
ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমেছিল। কিন্তু এর স্থায়িত্ব ছিল মাত্র ২৪ ঘণ্টা। এরপর বরিশাল বিভাগে তাপমাত্রা আবার স্বরূপে ফিরে আসে।
ধারাবাহিক এই উচ্চ তাপমাত্রায় অসহনীয় হয়ে উঠছে বরিশালসহ দক্ষিণ উপকূলের মানুষের জীবনযাত্রা। ফেব্রুয়ারি থেকে চলতি মে মাস পর্যন্ত তাপমাত্রা ৩২ থেকে ৩৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এ ক্ষেত্রে অনুভূত তাপমাত্রা প্রায় ৪৪ থেকে ৪৬ ডিগ্রি।
জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদি তাপপ্রবাহের ফলে জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ছে। এতে মানুষের কর্মক্ষমতা হ্রাস ও মেজাজ বিগড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাড়ছে ডায়রিয়া। বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় উপকূলে লবণাক্ততার প্রভাব বাড়বে। ফলে কৃষি উৎপাদনে মারাত্মক বিপর্যয় হতে পারে।
স্থানীয় লোকজন ও বিশেষজ্ঞরা বলছেন, ২০১৯ সাল থেকে এ অঞ্চলে গ্রীষ্মকালে দীর্ঘ সময় ধরে একটানা অসহনীয় তাপমাত্রা অনুভূত হচ্ছে। এর আগে গ্রীষ্মকাল এতটা চরমভাবাপন্ন ছিল না।
আবহাওয়া বিভাগ জানায়, ১১ মে মধ্যরাতে ‘অশনি’ দুর্বল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। পরে এটি স্থল নিম্নচাপে রূপ নেয়। ‘অশনি’র প্রভাবে সারা দেশে ব্যাপক বর্ষণ হয়েছে। এ সময় বরিশালে ৭৭ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
বরিশাল আবহাওয়া বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, এবার জানুয়ারি থেকেই বিভাগের আবহাওয়ায় চরমভাবাপন্ন বৈশিষ্ট্য লক্ষ করা যাচ্ছে। একদিকে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে বৃষ্টিহীনতা পরিস্থিতিকে ক্রমেই অস্বাভাবিক করে তুলছে।
জানুয়ারি মাসে বরিশালে সর্বোচ্চ স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সেখানে ছিল ২৯ দশমিক ২। ফেব্রুয়ারিতে থাকার কথা ২৮ দশমিক ২, সেখানে ছিল ৩২। মার্চে সর্বোচ্চ স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা ৩২ দশমিক ২, সেখানে ছিল ৩৪ দশমিক ৪। এপ্রিলে থাকার কথা ৩৩ দশমিক ৪, সেখানে ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মে মাসে থাকার কথা ৩৩ ডিগ্রি, সেখানে আছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। তবে অনুভূত তাপমাত্রা ছিল ৪৪ থেকে ৪৬ ডিগ্রি।
অধিক তাপমাত্রার পাশাপাশি এবার বরিশালে বৃষ্টিহীনতার প্রবণতাও লক্ষ করা যাচ্ছে। বিভাগে জানুয়ারিতে যেখানে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ৮ দশমিক ৯ মিলিমিটার, সেখানে বৃষ্টি হয়েছে ৪ দশমিক ৩। ফেব্রুয়ারিতে বিভাগে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হয়। ২৭ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা থাকলেও হয়েছিল ৩৬ দশমিক ৪। তবে মার্চে ৫৭ দশমিক ১ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা থাকলেও বৃষ্টি হয়নি এক ফোঁটাও। এপ্রিলে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ছিল ১৩৫ দশমিক ৫ মিলিমিটার, সেখানে মাত্র ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর মে মাসে ২৩২ দশমিক মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা, সেখানে সোমবার পর্যন্ত ১৬ দিনে হয়েছে ৭৭ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টি।
বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মো. মাহফুজুর রহমান সোমবার প্রথম আলোকে বলেন, এবার জানুয়ারি থেকে তাপমাত্রার ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে। সেই সঙ্গে বৃষ্টিহীনতা তাপমাত্রাকে আরও অসহনীয় ও ঊর্ধ্বগামী করে তুলছে। আগামী দু-এক দিনে বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। তবে তাপমাত্রা আগের মতোই অক্ষুণ্ণ থাকছে।
প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়ায় তাপমাত্রা বাড়ছে এবং ক্রমেই তা চরমভাবাপন্ন রূপ নিচ্ছে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপকূল শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান হাফিজ আশরাফুল হক। তিনি প্রথম আলোকে বলেন, তাপমাত্রা হলো শক্তি। এর বিনাশ নেই, স্থিতাবস্থায় থাকে। সে জন্য তাকে অবমুক্ত হতেই হবে। মূলত প্রকৃতির যে সিঙ্কগুলো রয়েছে, যেমন মাটি, জলাধার, বনভূমি—এসব তাপ শোষণ করে তা সহনীয় পর্যায়ে নিয়ে অবমুক্ত করে। কিন্তু এসব প্রাকৃতিক সিঙ্ক সংকুচিত হওয়ায় এখন তাপ শোষণ করছে কংক্রিট। আর কংক্রিটের তাপ শোষণ করে সহনীয় পর্যায়ে নেওয়ার ক্ষমতা না থাকায় একই মাত্রায় তা অবমুক্ত করে। ফলে দিন–রাতের তাপমাত্রা খুব একটা পার্থক্য থাকে না। এর সঙ্গে বৈশ্বিক উষ্ণতারও হাত রয়েছে।
হাফিজ আশরাফুল হক আরও বলেন, ‘উষ্ণতা কমানোর ব্যাপারে এখন বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে এবং প্রশমনে (মিটিগেশন) বিকল্প উৎসগুলো ভাবা হচ্ছে। তবে আমাদের এ ক্ষেত্রে প্রথম ও প্রধান কাজ হচ্ছে মাটি, জলাধার এবং বনভূমিকে সুরক্ষা ও সম্প্রসারণ।’
তাপমাত্রা ও বৃষ্টির এই অস্বাভাবিকতা এ অঞ্চলের জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। বাড়ছে ডায়রিয়াসহ নানা রোগব্যাধি। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে ১৬ মে এপ্রিল পর্যন্ত বিভাগের ছয় জেলায় ৩৪ হাজার ৯৩০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, জানুয়ারি মাসে বিভাগে ৪ হাজার ৮১১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর পরের মাসে তা অনেকটা কমে গিয়েছিল। ফেব্রুয়ারিতে ভর্তি হয়েছিলেন ১ হাজার ৮১০ জন। আর মার্চে তা বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৬৫২ জনে। এরপর এপ্রিলে হাসপাতালে এসেছেন ১১ হাজার ৪৪৬ জন ডায়রিয়া রোগী। আর মে মাসের প্রথম ১৬ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৮৬৮ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, চৈত্র-বৈশাখে পানিবাহিত রোগটির প্রকোপ দেখা দেয়। বিশেষ করে গ্রামাঞ্চলে নদী ও খালের পানি ব্যবহারকারীরা ডায়রিয়ায় বেশি আক্রান্ত হন। গত বছরের মতো এবারও আক্রান্তের হার বেশি। এবার ধারাবাহিক তাপপ্রবাহ ও বৃষ্টিহীনতা ডায়রিয়ায় আক্রান্তের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।