
বাড়ির পাশে নদীর পাড়ে খেলছিল দুই ভাইবোন। একপর্যায়ে হঠাৎ নদীতে পড়ে মারা যায় তারা। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের ডাংগসেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু দুটি হচ্ছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ডাংগসেরঘাট গ্রামের কৃষক অপ্রুল চন্দ্র সরকারের মেয়ে অনামিকা চন্দ্র সরকার (৯) ও ছেলে অর্ভ চন্দ্র সরকার (৭)।
স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান বলেন, বিকেলে বাড়ির পাশে করতোয়া নদীর ধারে খেলছিল অনামিকা ও অর্ভ। খেলার একপর্যায়ে হয়তো একজন নদীতে পড়ে গেছে। পরে তাকে তুলতে গিয়ে অপরজনও পড়ে যায়। এ সময় স্থানীয় ব্যক্তিরা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক অনামিকা ও অর্ভকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার আরও বলেন, কোনো অভিযোগ না থাকায় তাদের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।