
নরসিংদীতে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার শামসকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে শহরের বৌয়াকুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম।
শাহরিয়ার শামস নরসিংদী সদরের চারবারের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দীন আহমেদ এছাকের ছেলে। এ ছাড়া তিনি চাতক নামের একটি ব্যান্ডদলের প্রধান কণ্ঠশিল্পী।
গত সোমবার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তাঁর চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সদর উপজেলার চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ওই সমাবেশে অংশ নিতে আসা বিএনপির তিন শতাধিক নেতা-কর্মী বিকেল চারটা থেকে অবরুদ্ধ হয়ে পড়েন। সাড়ে ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত সাড়ে ১০টার দিকে পুলিশের অনুমতি পেয়ে একে একে বেরিয়ে যান তাঁরা। এ ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবিরসহ ৭২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা করে পুলিশ। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাসহ বিভিন্ন অভিযোগে নরসিংদী মডেল থানায় মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির বলেন, ‘গতকাল রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার শামসকে গ্রেপ্তার করেছে পুলিশ। এভাবে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা ও গ্রেপ্তার-আতঙ্ক সৃষ্টির মাধ্যমে তারা আমাদের থামিয়ে দিতে চায়।’ তিনি আরও বলেন, একটি স্বাধীন দেশে রাজনৈতিক দলের কর্মী হিসেবে সভা-সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার।
ওসি মো. সওগাতুল আলম বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে করা একটি মামলার ৩৩ নম্বর আসামি শাহরিয়ার শামস। আজ শনিবার তাঁকে নরসিংদীর আদালতে পাঠানো হবে।