
নলকূপগুলো চাপলে উঠে আসে ফেনা ফেনা পানি। গন্ধযুক্ত সে পানি মুখে দেওয়া যায় না। খাওয়া তো দূরের কথা, গ্রামবাসী সে পানি দিয়ে গোসলও করতে পারছেন না। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের লোকজন এখন সুপেয় পানির অভাবে ভোগান্তি পোহাচ্ছেন।
স্থানীয় ব্যক্তিরা বলেন, তাঁতশিল্পের কাঁচামাল যেমন সুতা, রংসহ বিভিন্ন ধরনের রাসায়নিক বর্জ্য এলাকার আশপাশের ছোট নদী, পুকুর, খাল ও বিলে ফেলা হচ্ছে। এসব বর্জ্যমিশ্রিত পানি মাটির নিচে ভূগর্ভস্থ পানির স্তরে মিশে যাওয়ায় নলকূপের পানি দূষিত হচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান বলেন, সিরাজগঞ্জের মাটি বেলে–দোআঁশ প্রকৃতির। এই এলাকার ছোট নদী, খাল, পুকুর বা নদীনালায় যখন তাঁতশিল্পের কাঁচামাল সুতা, রংসহ বিভিন্ন ধরনের রাসায়নিক বর্জ্যমিশ্রিত দূষিত পানি প্রতিনিয়ত ফেলা হয়, তখন এই বর্জ্যমিশ্রিত পানি ভূগর্ভস্থ পানির স্তরে সহজে মিশে যায়। ফলে নলকূপের পানি দূষিত হয়। এটি বিপজ্জনক। কারণ, এসব রাসায়নিক মানবদেহের জন্য ক্ষতিকর।
গতকাল শনিবার সকালে সরেজমিনে তামাই গ্রামের নতুন পাড়াতে গিয়ে দেখা যায়, নলকূপ চাপলে সাদা ফেনা ফেনা পানি বের হচ্ছে। ফলে এলাকাটিতে এখন আর কেউ নলকূপের পানি পান করতে পারছেন না। ফিরোজ আহমেদ বলেন, ‘কতটা দিন হলো আমরা একটু শান্তিতে পানি খাইতে পারি না। বাড়িতে নলকূপের পানিতে ফেনা ওঠে। এই পানি খাওয়া তো দূরের কথা, গোসল করলেও সমস্যা। একটু বৃষ্টি হলে সুতা প্রসেস কারখানার পানির দুর্গন্ধে এলাকায় থাকা যায় না। এসব সমস্যার কথা কারখানার মালিকদের বলে কোনো লাভ হয় না। এখন আমরা কোথায় যাব?’
একই এলাকার গোলাম ছারোয়ার বলেন, নলকূপের পানি কিছুক্ষণ পাত্রে রাখলে নিচে ধাতব পদার্থের মতো কিছু জমাট বাঁধে। তাঁরা বারবার সমস্যার কথা বলার পর কারখানার মালিকেরা কিছু এলাকায় নলের সাহায্যে খাবার পানি টেনে সরবরাহ করছেন। তবে এখন সে পানিও পান করার অনুপযোগী হয়ে পড়ছে।
তাঁতশ্রমিক ইউসুফ আলী বলেন, ‘দুই দিন এই (নলকূপের) পানিতে গোসল করে শরীরে ছোট ছোট গোটার মতো কী যেন উঠেছে।’
জেলা সুতা প্রক্রিয়াকরণ কারখানার মালিক সমিতি সূত্রে জানা গেছে, জেলাজুড়ে প্রায় ১৫০টি রয়েছে সুতা প্রক্রিয়াকরণ কারখানা, ২ হাজারটি সুতা রঙের কারখানা রয়েছে। বেলকুচি উপজেলাতে সুতা প্রক্রিয়াকরণ কারখানা রয়েছে ১৩টি (সমিতির অন্তর্ভুক্ত)। এর বাইরেও এলাকায় তাঁতিদের বাড়ি থেকে ছোট ছোট কারখানায় সুতায় নানা রকম কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে।
বেলকুচি প্রসেস কারখানা মালিক সমিতির সভাপতি আবদুল মজিদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সব প্রসেস কারখানাকে একত্রিত করে একই অঞ্চলে নিয়ে একটি বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট তৈরির প্রস্তাব তাঁরা সরকারকে দিয়েছেন। এটি হলে এই সমস্যার সমাধান হবে।
সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক জহুরুল হক বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই শিল্পের বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করতে হবে। দেশের তাঁতশিল্প একটি সম্ভাবনাময় শিল্প। এই শিল্প এগিয়ে নিতে হলে এখনই সময় এসেছে পরিকল্পনা করার। নতুবা সাধারণ জনগণকে ভোগান্তি পোহাতে হবে।
পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল গফুর বলেন, তাঁদের জনবল কম। এ বছরের প্রথম দিকেই সিরাজগঞ্জ জেলায় তাঁদের কার্যালয় হয়েছে। তাঁরা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে পারবেন।