নাইক্ষ্যংছড়ির পাহাড়ে র‌্যাবের অভিযান, অস্ত্রসহ চার রোহিঙ্গা আটক

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে অস্ত্রসহ চার রোহিঙ্গাকে আটক করে র‌্যাব
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের উখিয়া সীমান্তের মাঝামাঝি বালুখালি থেকে আজ শুক্রবার র‌্যাব আটটি অস্ত্রসহ চার রোহিঙ্গাকে আটক করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা উখিয়া রোহিঙ্গা শরণার্থীশিবিরের বাসিন্দা। আজ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে র‌্যাব-১৫ কক্সবাজারের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আবদুস সালাম চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল শুক্রবার ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের রাবারবাগান ও বালুখালিতে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে চার রোহিঙ্গাকে আটক করা হয়। তাঁরা হলেন মোহাম্মদ নুর (৩২), নাজিম উল্লাহ (৩৪), মো. আমান উল্লাহ (২৩) ও খায়রুল আমিন (১৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই রোহিঙ্গার জ্বালানি কাঠের বোঝায় লুকিয়ে রাখা অবস্থায় একটি স্টেনগান, একটি পিস্তল, চারটি দেশি তৈরি অস্ত্র পাওয়া যায়। এ ছাড়া অপর দুই রোহিঙ্গার দেহ তল্লাশি করে আরও দুটি দেশি অস্ত্র পাওয়া যায়। এ ছাড়া তাঁদের কাছ থেকে ৫টি ম্যাগাজিন, ১২টি তাজা গুলি ও ৬টি গুলির খোসা পাওয়া যায়।

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে জব্দ করা অস্ত্র ও গুলি

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ বলেন, নাইক্ষ্যংছড়ি ও উখিয়া সীমান্তের রাবারবাগান, কুমির ফার্ম ও বালুখালি এলাকায় র‌্যাব অভিযান চালিয়েছে। সেখান থেকে চার রোহিঙ্গাকে অস্ত্রসহ আটক করা হয়।