নাটোরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাটোরের সিংড়া উপজেলার পুটিমারি গ্রামের এক বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

সিংড়া থানা সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টায় খবর পেয়ে পুলিশ পুটিমারি গ্রামের আবু বক্কারের বাড়িতে যায়। সেখানে একটি ঘরে তাঁর ছেলে উজ্জ্বল হোসেন (৩০) ও ছেলের প্রথম স্ত্রী জলি খাতুনের (২৪) লাশ পাওয়া যায়। রাতেই লাশ দুটি উদ্ধার করে থানায় পাঠানো হয়। আজ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশ দুটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, উজ্জ্বল সম্প্রতি লিপি খাতুন (২০) নামের একজনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে পরিবারে ঝগড়া–বিবাদ লেগেই থাকত। গতকাল দ্বিতীয় স্ত্রীর সঙ্গে উজ্জ্বলের ঝগড়া হয়। রাতের খাবার শেষে তিনি প্রথম স্ত্রীর ঘরে ঘুমাতে যান। রাত সাড়ে নয়টার দিকে তাঁদের চিৎকার শুনে পরিবারের লোকজন সেখানে ছুটে যান। হাসপাতালে নেওয়ার আগেই তাঁদের মৃত্যু হয়। লিপির ওপর অভিমান করে তাঁরা বিষাক্ত কিছু খেয়ে আত্মহত্যা করেছেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর এ আলম সিদ্দিকী এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে। একটি অপমৃত্যুর মামলা হয়েছে।