
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ঈদের কেনাকাটা নিয়ে বিরোধের জেরে নাতির লাঠির আঘাতে দাদির মৃত্যু হয়েছে। এ ঘটনায় করা হত্যা মামলায় আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার আন্দি এলাকা থেকে অভিযুক্ত নাতিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ওই তরুণের নাম নাজমুল হোসেন (২০)। তিনি উপজেলার দেবলচালা গ্রামের লাবু মিয়ার ছেলে। নাজমুল ও তাঁর বাবা উভয় ভ্যানচালক। নিহত ওই নারীর নাম শরীফুননেছা (৬০)। তিনি একই এলাকার আবদুল বাছেদের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে নাজমুল হোসাইন ঈদের কেনাকাটা করার জন্য উপজেলা শহর সখীপুরে যেতে চান। এ সময় তাঁর দাদি শরীফুননেছা নাজমুলের ফুফুকে নিয়ে যেতে বলেন। এতে দাদি-নাতির মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পাশে থাকা একটি লাঠি দিয়ে দাদির মাথায় আঘাত করেন নাজমুল। গুরুতর আহত অবস্থায় শরীফুননেছাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গতকাল রাতে নিহত শরীফুননেছার ছেলে আকবর হোসেন বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা করেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলায় নাজমুলকে গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।