
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ট্যুরিজম পার্কের নামে নাফ নদী থেকে বালু তুলে বাইরে বিক্রির অভিযোগে মেসার্স চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অর্থনৈতিক অঞ্চল সাবরাং ট্যুরিজম পার্ক এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী।
এরফানুল হক চৌধুরী গতকাল রাতেই প্রথম আলোকে বলেন, সাবরাং ট্যুরিজম পার্কের নামে নাফ নদী থেকে খননযন্ত্র (ড্রেজার মেশিন) দিয়ে তোলা বালু অবৈধভাবে হারিয়াখালী-শাহপরীর দ্বীপ সড়ক উন্নয়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জে কে এন্টারপ্রাইজের কাছে বিক্রি করার দায়ে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির কর্মকর্তা ফয়সাল ডিউককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রাতেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জরিমানার পরিশোধ করা হয়েছে। পাশাপাশি ওই প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ অংশের নাফ নদী থেকে খননযন্ত্র দিয়ে বালু তুলে অর্থনৈতিক অঞ্চল সাবরাং ট্যুরিজম পার্কের নিচু এলাকা ভরাট করা হচ্ছে। এতে ঝুঁকিতে পড়ে শাহপরীর দ্বীপের পর্যটন জেটি, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রতিরক্ষা বেড়িবাঁধ, সীমান্ত সড়কসহ নানা স্থাপনা। মেসার্স চায়না হারবাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি অপরিকল্পিতভাবে বালু তুলে অবৈধভাবে বিক্রি ও ভরাট করছে এমন অভিযোগ ছিল।
বালু উত্তোলন বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে গত ১৮ ডিসেম্বর বিকেলে বেড়িবাঁধের ওপর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন দ্বীপের কয়েক হাজার মানুষ। কিন্তু বালু তোলা বন্ধ হয়নি। বালু তুলতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেওয়া হয়নি। এ নিয়ে গত ২২ ডিসেম্বর প্রথম আলো অনলাইনে ‘নাফ নদী থেকে বালু তুলে ট্যুরিজম পার্ক ভরাট, ঝুঁকিতে জেটি ও বেড়িবাঁধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।