নারায়ণগঞ্জে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে শিশুমৃত্যু
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নগরের ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো ঝুমু (৬) ও আবদুল্লাহ (৭)। ঝুমু ভোলার চর ফ্যাশন উপজেলার জয়নাল মিয়ার মেয়ে। আবদুল্লাহ বরগুনার আমতলী উপজেলার রুবেল গাজীর ছেলে। তারা সুমিলপাড়া এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করত।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকার পুকুরে ঝুমু ও আবদুল্লাহ গোসল করতে যায়। বেলা দেড়টার দিকে দুই শিশুকে পুকুরে ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তাদের উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, দুই শিশুর মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সুমিলপাড়া এলাকায় ওই দুই শিশু পরিবারের সঙ্গে মঞ্জুরের বাড়িতে ভাড়া থাকত। তারা প্রতিবেশী। শিশুর বাবা–মা সেখানে পোশাক কারখানায় কাজ করেন। দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।