নারী ফুটবলার ধর্ষণ মামলার আসামি ছাত্রলীগ নেতার বিচার দাবি সহপাঠীদের

নান্দাইল ফুটবল দল ও নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়
ছবি: প্রথম আলো

ময়মনসিংহের নান্দাইলের নারী ফুটবলার (১৭) ধর্ষণ মামলার আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুল আলম ফকিরের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে নান্দাইল ফুটবল দল ও নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ ফটকের সামনে এ কর্মসূচিতে নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরাও অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা মুহুর্মুহু স্লোগান দিয়ে ওয়াহিদুল আলমের ফাঁসির দাবি জানায়। এ সময় মাইক হাতে নিয়ে নান্দাইল কলেজের দুজন ছাত্র ও একজন ছাত্রীকে সংক্ষিপ্ত বক্তব্য দিতে দেখা গেছে।

গত ২৫ এপ্রিল ওই নারী ফুটবলার বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, ২২ এপ্রিল ছাত্রলীগের নেতা ওয়াহিদুল ওই নারী ফুটবলারকে মুঠোফোনে কল করে একটি উপবৃত্তির ফরমে স্বাক্ষর দিয়ে যেতে বলেন। ওই নারী ওয়াহিদুলের কথামতো নিজ কলেজে যান। সেখানে যাওয়ার পর তাঁকে ওয়াহিদুল একটি পুরোনো ভবনের পেছন দিকের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন।

পরে পুলিশ ওয়াহিদুল আলম ফকিরকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। মামলাটি এখন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। তবে প্রথমে লোকলজ্জা ও মানসম্মানের কথা ভেবে ওই নারী ধর্ষণের বিষয়টি মামলায় উল্লেখ করেননি। তখন এজাহারে ধর্ষণচেষ্টার অভিযোগ করা হয়েছিল। পরে ওই নারী ফুটবলার পুলিশকে বিষয়টি জানালে ধর্ষণের বিষয়টি মামলার এজাহারের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়।

ময়মনসিংহ পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান এর আগে প্রথম আলোকে বলেছিলেন, নারী ফুটবলার বাদী হয়ে ২৫ এপ্রিল ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করেছিলেন। পরে তিনি পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ করায় তাঁর নতুন অভিযোগটি ওই মামলার সঙ্গে যুক্ত করে তদন্ত করা হচ্ছে। ধর্ষণের অভিযোগ পাওয়ার পর ওই নারী ফুটবলারের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।