সংরক্ষিত ওয়ার্ড ৭, ৮ ও ৯
নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা যান না। ফলে এত দূর থেকে নারীদের বিভিন্ন সমস্যা নিয়ে কুমিল্লা নগর ভবনে আসতে হয়।
কুমিল্লা সিটি করপোরেশনের দক্ষিণ এলাকার নয়টি সাধারণ ওয়ার্ড নিয়ে সংরক্ষিত ওয়ার্ড ৭, ৮ ও ৯। ভৌগোলিকভাবে এই ওয়ার্ডগুলো ছড়ানো ছিটানো। আয়তনেও বড়। এখানে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড), ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কোটবাড়ির পর্যটন এলাকা, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
সিটি করপোরেশনের একটি ভবন ওই এলাকায়। সেখানে নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা যান না। ফলে এত দূর থেকে নারীদের বিভিন্ন সমস্যা নিয়ে কুমিল্লা নগর ভবনে (মূল ভবনে) আসতে হয়। এ অবস্থায় এখানকার ভোটাররা এবার শিক্ষিত ও নিবেদিতপ্রাণ ব্যক্তিকে চান।
তা ছাড়া এ সংরক্ষিত ওয়ার্ডে নারীদের রয়েছে নানামুখী সমস্যা। নারীদের এই সমস্যা সমাধানে যাঁরা কাজ করবেন, তাঁকে ভোটাররা আগামী ১৫ জুন অনুষ্ঠেয় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেবেন বলে জানিয়েছেন। আগামীকাল শুক্রবার তাঁদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ১৫ জুন এই নির্বাচন হবে।
শিক্ষিত ও এলাকার জন্য কাজ করবেন, এমন প্রার্থীকে ভোট দেব। নারীদের নানামুখী সমস্যা আছে। এগুলো দূরীকরণে যাঁরা কাজ করবেন, তাঁর পক্ষে আছি।নাজনীন কাজল, সাবেক কাউন্সিলর
ঢুলিপাড়া, নেউরা, রাজাপাড়া, উনাইসার, দিশাবন্দ, আশ্রাফপুর, শাকতলা এলাকা নিয়ে এই ওয়ার্ড। এখানে ইপিজেডের ৩৫ হাজার শ্রমিক আছেন। এর মধ্যে ৭০ শতাংশ নারী। নারীদের মেসে বিভিন্ন সময়ে ঝামেলা হয়। শ্রমিকদের নানামুখী সমস্যা। তার ওপর এখানে জলাবদ্ধতা ও যানজট আছে। জাঙ্গালিয়া বাস টার্মিনালও এখানে।
এ ওয়ার্ডে তিনজন প্রার্থী হয়েছেন। একজন ঢুলিপাড়া এলাকার। দুজন উনাইসার এলাকার। প্রার্থীদের দেওয়া হলফনামা মোতাবেক উম্মে সালমা লিজা এমবিএ, তাহমিনা আক্তার লিন্ডা ইংল্যান্ডে ফার্মাসিতে মাস্টার্স করেছেন ও নাসরিন আক্তার বিএ পাস।
এ ওয়ার্ডের ভোটার সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজনীন কাজল বলেন, ‘শিক্ষিত ও এলাকার জন্য কাজ করবেন, এমন প্রার্থীকে ভোট দেব। নারীদের নানামুখী সমস্যা আছে। এগুলো দূরীকরণে যাঁরা কাজ করবেন, তাঁর পক্ষে আছি।’
এ ওয়ার্ডে প্রার্থী তিনজন। তাঁরা হলেন উম্মে সালমা লিজা, তাহমিনা আক্তার লিন্ডা ও নাছরিন আক্তার। এখানে ভোটার ২৫ হাজার ৫৮৮ জন।
কোটবাড়ি, শালবন বৌদ্ধবিহার, চাঙ্গিনী, নন্দনপুর, জয়পুর, গন্ধমতি, মণিপুর, হালিমানগর, বাগমারা ও সালমানপুর, কচুয়া, লক্ষ্মীপুর, উত্তর রামপুর, হীরাপুর, দুর্গাপুর, শ্রীমন্তপুর, শ্রীবল্লভপুর এলাকা নিয়ে এই ওয়ার্ড। এখানে শিক্ষাপ্রতিষ্ঠান বেশি। পর্যটন এলাকাও।
এখানকার নালা ও সড়কের কিছু অংশ খারাপ। এই ওয়ার্ডে চার প্রার্থীর মধ্যে খোদেজা বেগম, আমেনা বেগম ও ফারহানা পারভীন অষ্টম শ্রেণি, মোসা. রোকসানা হক এসএসসি পাস। এখানে ভোটার ২৪ হাজার ৯৬৭ জন।
এ ওয়াডের ভোটার আমেনা বেগম বলেন, ‘এলাকায় বাল্যবিবাহ, বিবাহবিচ্ছেদের বিরুদ্ধে যিনি কাজ করবেন, তাঁকে ভোট দেব। শিক্ষিত কাউন্সিলর হলে এলাকার মানুষ আরও বেশি সেবা পাবেন।’
গন্ধমতি এলাকার ভোটার শাহীনা আক্তার বলেন, ‘শিক্ষিত কাউন্সিলরকে ভোট দিলে এখানকার নারীদের যৌন হয়রানি, উত্ত্যক্ত রোধে তিনি কাজ করবেন।’
কালিকিংকরপুর, বল্লভপুর, ধনাইতরি, ছোট ধর্মপুর, গোয়ালমথন, লক্ষ্মীপুর, তারাপাইয়া, চৌয়ারা, নোয়াগ্রাম, বল্লভপুর ও শামবকসী এলাকা নিয়ে এ ওয়ার্ড। এখানে নালার সমস্যা আছে। বিবাহবিচ্ছেদও আছে। হলফনামা মোতাবেক এ ওয়ার্ডের প্রার্থী রুবি আক্তার ও লাকী বেগম অষ্টম শ্রেণি, সেলিনা আক্তার ও শাহীন আক্তার এইচএসসি পাস।
তারাপাইয়া এলাকার ভোটার তাহমিনা আক্তার বলেন, ‘শিক্ষাগত যোগ্যতা যাঁর বেশি, তাঁকে ভোট দেব।’
চৌয়ারা এলাকার ভোটার ফুলি আক্তার বলেন, ‘এলাকার নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ যিনি করে দিতে পারবেন বলে মনে হয়, তাঁকে ভোট দেব।’
এ ওয়ার্ডে প্রার্থী হয়েছেন রুবি আক্তার, লাকী বেগম, শাহীন আক্তার ও সেলিনা আক্তার। এ ওয়ার্ডে ভোটার ১৬ হাজার ৪৩৯ জন। (শেষ)